কাজী সায়েমুজ্জামান
(রাজবাড়িতে বাউলদের লাঞ্ছিত করার প্রতিবাদ ও দেশের আবাহমান সংস্কৃতির ধারক বাউলদের সম্মানে এ গানটি উৎসর্গ করলাম।)
কত নাটক জানো রে মাওলা কত নাটক জানো,
আকাশে উড়িয়ে ঘুড়ি সুতা ধরে টানো।
কোন ঘুড়ির সুতা ছাড়ো বাতাস লাগাও পালে,
আবার কিছু ঘুড়ি পায়না হাওয়া কোন কালে।
কত রংয়ে রঙ মিশিয়ে বানাও রংয়ের ঘুড়ি
সেরা কারিগর যে তুমি নাইরে তোমার জুড়ি।
আমার ঘুড়ি পায়না হাওয়া, সাদাকালো যেন।
কত নাটক জানো রে মাওলা কত নাটক জানো।।
দুটি কাঠি জোড়া দিয়ে লাগাও তোমার আঠা
তীর ধনুকের আকারে তার কাগজ সমান কাটা।
এক সুতাতে ওড়াও ঘুড়ি নাটাই তোমার হাতে
প্যাচের খেলায় কোন ঘুড়ির আগেই সুতা কাটে।
কারো সুতায় মাঞ্জা আছে আমার নেই কেন?
কত নাটক জানো রে বিধি কত নাটক জানো।
আকাশে উড়িয়ে ঘুড়ি সুতা ধরে টানো।।
নানা রঙ্গের ঘুড়ি তোমার ওড়াও নিজের বলে,
জানলেনা মন এই ঘুড়ি কার ইশারাতে চলে।
ভবের নেশায় হেলা ফেলায় কেটে গেলে কাল
ছোট বড় ধনী গরীব সবার হবে একই হাল।
সায়েম বলে এটাই হবে মানো আর না মানো।।
কত রঙ্গ জানোরে মাওলা কত রঙ্গ জানো
আকাশে উড়িয়ে ঘুড়ি কেন সুতা ধরে টানো?
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১১ সন্ধ্যা ৬:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



