আমাকে যখন বলা হয় তুমি নির্বাচন করো পানীয়,
পছন্দ মতন খাদ্য, নরম তোষক,
সুন্দর পোষাক সংগীত কলাকৈবল্য সংস্কৃতি-
অর্থাৎ সুখ; আমি তৎক্ষনাৎ হয়ে পড়ি হাটকানা
কেননা আমার চোখ খেয়েছে চোখের মাথা
লিপিস্টিক দংশনে ঠোঁট ক্ষত ও বিক্ষত, ত্বক
জুড়ে ছোট বড় কাককালো ফোস্কা, নাসারন্ধ্রে সাইনোসাইটিস
বিচার নিয়ে কার কাছে যাবো? যাবো কি প্রভুর কাছে,
মরুভূমি মক্কায়, সন্তসাধু পয়গম্বর খুঁজতে হিন্দুস্থানে?
দিনে দিনে আমার হৃদপিন্ড সাবানের মতো গলে যাচ্ছে।
ত্রিভূবন জুড়ে আমার কোন অনুচর নেই
একখন্ড পাথর উপহার দেবে।
তবে কি মনের দুঃখে চিৎকার করে তোমাকেই
জানাবো, না না আমার কোন দুঃখ নেই, দুঃখ আমার
আত্মার নিজ নাম।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১০ রাত ২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


