যতটুকু ছুঁয়ে থাকা যায়, ছুঁয়ে আছি
যতটুকু কাছে আসা যায়, কাছে আছি
মিথ্যার বেসাতি করি যদি
আমার অন্তিম মৃত্যু যেন হয় সর্বগ্রাসী।
যতটুকু ভালোবাসা যায়, ভালোবাসি
যতটুকু অপাপবিদ্ধ থাকা যায়, পাশাপাশি
যদি হৃদয় খুঁড়ে ফুঁসে উঠে সন্দেহের সাপ
আমার অবয়বে ঘৃণা ভরে দিয়ো অভিশাপ।
যতটুকু সমর্পিত এ আত্মার দ্রবীভূত কানন, ডুবে থাকা
যতটুকু বিসর্জনের তীব্র আকুতি, ঘুরে চলে চাকা
অবিশ্বাসের মেঘ ডানা মেলে যদি সিক্ত করে শ্বাস
জেনো সেটা অলীক ভ্রম, ইকারুসের আকাশ।
যতটুকু উজ্জ্বল করেছ আজ, সেটুকুই পাওয়া
যতটুকু ভরেছ অর্ঘ্যের ডালি, এ আমার নিঃশর্ত চাওয়া
তারপর যদি দূরে সরে যাও, বিদায়ের বাঁশি
তবু জেনো উঠোনে তোমার বসে আছি আজও দিবানিশি।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


