মানুষ/ মহাদেব সাহা
মানুষ মানে জন্মতারিখ, কোষ্টিখাতা
বাসস্থান ও বধ্যভূমি
কাগজপত্র. ঘরগেরস্থ, পিতামাতা, নামঠিকানা
অন্যবিধ জ্ঞাতিগোষ্ঠি আত্মীয়তা
স্ত্রী-পরিবার, নুনমরিচ ও খাদ্যদ্রব্য
মানুষ মানেই জীবনযাপন
এই একাকী বন্দীদশা!
মানুষ মানে হাতের পিঠে ওলোটপালট
হিজিবিজি , লিখন
এসব ভাগ্যলেখা,
নদীর জোয়ার, চাঁদের ভাঙন
চিরকালীন এ সমস্ত শীতবসন্ত
ভুলভ্রান্তি
কান্নাকাটি, দুঃখসুখের দালানকোটা
কৃষিকার্য, জমিজমা, শীতলশাদা বৃষ্টিধারা
হলুদমাটি, সবুজ তৃণ,
এই বাড়িঘর, এই মনিষ্যি
বিদ্রোহ কি রণসজ্জা
মানুষ মানুষ ভুলভ্রান্তি!
মানুষ মানে আমরা তোমরা
মাথার চুল কি হাতের এ নখ
এই সর্বাঙ্গ চোখকান না জন্মকালীন
নগ্নশরীর
মানুষ মানে মুখের আদল, এই তোমাকে
দেখতে যেমন
আহার নিদ্রা ঘোরাফেরা রাত্রিকালে
নীরব মৃত্যু!
মানুষ মানে আর কিছু নয়
হস্তাক্ষর ও নীল ফটোগ্রাফ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

