হারিয়ে যাচ্ছে গ্রাম?...শেখ জলিল
মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঘুরে এলাম আমার গ্রাম থেকে। আমার মায়ের পরম বান্ধবী নাইল্যার মাও আর নেই। মার মারা যাবার পর গত পৌষ মাসে তিনিও হয়েছেন গত। তবে দেখা মিললো তাঁর বিধবা ছেলে বউয়ের। ভালো করে দেখলাম- তারও বয়স বেড়ে গেছে। প্রায় সব দাঁত পড়ে গেছে। আমাকে দেখে রীতিমত কান্না জুড়ে দিলো সে। হয়তোবা তার মনে পড়ে গিয়েছিলো তার শ্বাশুড়ী-স্বামীর কথা। বেশ মায়া হলো তাকে দেখে। যথারীতি তার শ্বাশুড়ীকে যেভাবে দিতাম সেভাবে তাকেও কিছু টাকা হাতে ধরিয়ে দিলাম। অবনত মুখে সে আমার জন্য দোয়া করে চলে গেলো। আমি তার কোলে রাখা ছোট্ট নাতনীটির নিষ্পাপ মুখ দেখলাম অনেকক্ষণ চেয়ে চেয়ে।
এবার অনেকদিন পর গিয়েছিলাম বাড়ি। তবে আমার আগের গ্রাম আর আমি খুঁজে পাইনি। আমার মায়ের মৃত্যুও হয়তো এর একটা কারণ। সত্যি কথা বলতে কী- সব প্রশস্ত রাস্তাই গ্রামের প্রভাবশালীদের দখলে চলে গেছে। কোথাও কাঠের সারি সারি গাছ লাগিয়ে পথ বন্ধ করা হয়েছে, আবার কোথাওবা রাস্তার পাশেই পুকুর-ডোবা কেটে পথচলা রীতিমত সংকুল করা হয়েছে। স্বস্তিতে পথচলার সেই স্বচ্ছন্দ মনোরম পরিবেশ আর নেই। যেখানে আমার বাড়ি পর্যন্ত যেতে অনেক ভালোলাগা বিরাজ করতো সেখানে বিরক্তি আর অস্বস্তি আমার কান্তি আরও বাড়িয়ে দিলো। বাড়ি গিয়ে কোথাও ঘুরতেও ইচ্ছে হলো না। কারো সাথে তেমন কথাও বললাম না। একটা লম্বা ঘুম দিয়ে সময় পার করে দিলাম। সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে আবার ফিরে এলাম ঢাকায়। এরকম নিজগ্রাম ভ্রমণ জীবনে আমার বুঝি প্রথম হলো। তবে কী আমি হয়ে যাচ্ছি সম্পূর্ণ নাগরিকবাসী? নাকি হারিয়ে যাচ্ছে আমার মায়ের মতোন সেই কাজল গ্রাম অথবা গ্রাম থেকেই হারিয়ে যাচ্ছে চিরচেনা আমাদের সেই আমি?
২৮.১০.২০০৭
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



