আমার প্রিয় পোস্ট
- হাজার বছরের পুরোনো রক্তে ভেজা বাংলা ভাষা ও সংস্কৃতি, অমর একুশের চেতনা এবং ভিনদেশী সংস্কৃতির নগ্ন আগ্রাসন - ইশতিয়াক আহমেদ চয়ন
- একজন নাগরিক কবিয়াল প্রিয় লতিফুল ইসলাম শিবলি ভাইকে খুব মনে পড়ে! - কবি ও কাব্য
- জীবনানন্দ দাশ : 'বনলতা সেন' কাব্যগ্রন্থ - একরামুল হক শামীম
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- যুগে যুগে বাংলা সাহিত্য - বৃষ্টিধারা
- জায়গীরনামা---একটি বই , একটি ইতিহাস, একজন ডাক্তার/ব্লগার/লেখকের উত্থান কষ্ট - পথিক!!!!!!!
- শেখ জলিলের ‘জায়গীরনামা’-এক কিশোরের অন্য আবাস এর গল্প - সুনীল সমুদ্র
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- আজ কি আমার বিকেলগুলো, অন্য কারো? - সুনীল সমুদ্র
- শীতার্ত সেমিনার - মুজিব মেহদী
- বাংলা ব্লগের বিবর্তন ও সম্ভাবনা - রেজওয়ান
- আমার কোনদিন দুধ চা খাওয়া হবেনা - নজমুল আলবাব
- কবির আত্মকথন ,কবিতার সুষম সাম্রাজ্য - ফকির ইলিয়াস
- কবিতার কৃত্য - রায়হান রাইন
- সুনীল সমুদ্রের কবিতা - শেখ জলিল
- ব্লগারদের বই নিয়ে ব্লগব্লগর- ১ - শেখ জলিল
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- চির-দুঃখিনী মা আমার - শেখ জলিল
- বাবাকে মনে পড়ে! - শেখ জলিল
- ব্লগীয় স্মৃতিচারণ ২০০৭ ( পর্ব ২ ) - মাহবুব সুমন
- পড়লাম ব্লগার শেখ জলিল ভাইয়ের গল্পের বই -' অতৃপ্ত আকাঙ্খা' - পথিক!!!!!!!
- । । কবি শেখ জলিলের সাথে কবিতা বিষয়ক আলাপচারিতা । । - হাসান মোরশেদ
- শেখ জলিলের লেখা কেমন লাগে? (৪) - এস এম মাহবুব মুর্শেদ
ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

ব্লগারদের বই নিয়ে ব্লগব্লগর- ১
২৩ শে ফেব্রুয়ারি, ২০০৮ বিকাল ৫:৪০
এবারের বইমেলায় বেশ ক'জন ব্লগারুর বই বেরিয়েছে। অন্তর্জাল পাঠকদের জন্য এটা নিঃসন্দেহে সুখবর। নেটে লেখালেখি, সরাসরি পাঠকদের সাথে শেয়ার করে মন্তব্য পাওয়া, ভাবের আদান-প্রদান এবং বই আকারে শেষে বইমেলায় প্রকাশ- এটা ব্যাপক পরিবর্তনের ঈঙ্গিত দিচ্ছে আজকাল। প্রকাশনা জগতে লেখক-পাঠকদের এই যে পরিবর্তনের হাওয়া একবিংশ শতাব্দীতে অনিবার্য হয়ে উঠছে ধীরে ধীরে।
১৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলায় গিয়েছিলাম। কিনেছিলাম নামকরা ব্লগার আলী মাহমেদ-এর 'খোদেজা', আরিফ জেবতিক-এর 'তাকে ডেকেছিল ধূলিমাখা চাঁদ' এবং অমিত আহমেদ-এর 'গন্দম'। বই কিনে বাসায় এসেই এক নাগাড়ে পড়ে গেলাম সব ক'টি বই। পড়তে পড়তে বেশ আশার হাওয়া দিচ্ছিলো প্রাণে। যাক, বই কিনে তাহলে ঠকিনি। তিনজন লেখকই আমার মতো পাঠককে অন্তত ধরে রাখতে পেরেছেন- যার নাকি গদ্য পড়া হয় না তেমন!
লেখক আলী মাহমেদ সামহোয়্যারইনব্লগে 'শুভ' নামে ব্লগিং করতেন। তখন থেকেই আমি তাঁর ভক্ত। এই লেখকের মোট ১১টি বই এখন বাজারে। বেশিরভাগ বই-ই বেরিয়েছে জাগৃতি প্রকাশনী থেকে। ব্রাহ্মনবাড়িয়ার মফস্বলে বসে আধুনিক ব্লগজগতে নিয়মিত লেখেন তিনি। গতবারও তাঁর লেখার 'শুভ'র ব্লগিং' নামের বইখানা পড়েছিলাম আমি। দারুণ গদ্যের হাত তাঁর। এবারের উপন্যাস 'খোদেজা' একজন সাত বছরের ধর্ষিত শিশু ও তার মৃত্য নিয়ে। কীভাবে নরপশুরা পালাক্রমে ধর্ষণ করে শিশুটিকে, মুখে বালি গুঁজে দিয়ে মৃত্যু নিশ্চিত করে তার লোমহর্ষক কাহিনী। বইটিতে আরও আছে চাকরি নিয়ে এক দম্পতির সংগ্রামী জীবনের কথা। পড়তে পড়তে বেশ মনোকষ্ট এসে যাচ্ছিলো নিশি ও জাবীর দম্পতির প্রতি এবং ধর্ষক পাষন্ডদের হাতে খোদেজার অকাল মৃত্যু বেশ ঘৃণা জাগাচ্ছিলো মনে। আর পাঠকদের এই মনোভাব লেখক আলী মাহমেদ জাগাতে পেরেছেন খুব সুচারুভাবেই। উপন্যাসের পরতে পরতে লোকজ বচন, ছড়া এবং আঞ্চলিক ভাষা তুলে আনার মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন লেখক। ভাষার বিন্যাস, কাহিনীও বেশ ভালো। তবে উপন্যাস রচনায় বেশ তাড়াহুড়ো মনে হয়েছে কাহিনীর পরিনতিতে। বিশেষ করে কেমন করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ধর্ষন ও হত্যা মামলাটির তদন্তের ভার পেলো- তা লেখক আড়াল করেছেন। খোদেজার ভাই সোহাগের পরিনতির চিত্র আরও বড় করে লেখা যেতো। লেখা যেতো সাংবাদিক অয়নের রিপোর্টিং দিকটা আরও শক্তিশালী করে। পাঁচ ফর্মার বইয়ের সাথে আরও এক ফর্মা যোগ করলে উপন্যাসের পরিনতি আরও পরিপক্ক হতো বলেই আমার বিশ্বাস। তবু সোঁদা মাটির গন্ধভরা এই উপন্যাসটি সুপাঠ্য এবং সংগ্রহে রাখার মতো। বই পড়ে লেখক আলী মাহমেদ-এর মতো পাঠককেও বলতে ইচ্ছে করবে- খোদেজা, ঘুমাক তোমার সঙ্গে পশুটাও, তাইলে আমরা বেঁচে যাই।
আরিফ জেবতিক সুলেখক। সচলায়তন এবং সামহোয়্যারইনব্লগে লেখেন। আড্ডাবাজ এই লেখক এক সময় ছাত্র রাজনীতি করতেন। সাংবাদিকতার পেশাতেও ছিলেন বেশ কিছুদিন। তাঁর লেখা 'তাকে ডেকেছিল ধূলিমাখা চাঁদ' পড়ে আমার কখনো মনে হয়নি এটাই লেখকের প্রথম উপন্যাস। নামীদামী লেখকের মতো প্রথম অধ্যায়ের সূচনা আমাকে বিস্মিত করেছে। একটানে পড়ে গেলাম শেষ পর্যন্ত। কী সুন্দর গল্প, কাহিনীবিন্যাস, চরিত্রসৃষ্টি! কিন্তু একটা অতৃপ্তি থেকেই গেলো। আর এটাই বুঝি আরিফ জেবতিক-এর সহজাত প্রবণতা! পাঠককে এভাবে শেষ পর্যন্ত ধরে রাখা? তবুও বলবো- আমার মতো পাঠকের উপর অবিচার করেছেন তিনি। মাঝে মাঝে প্রশ্ন জেগেছে- লেখক উপন্যাসের গল্পে কাকে ফোকাস করতে যাচ্ছেন বেশি আনিস না দীপুকে? আনিস যদি প্রধান চরিত্র হয় তবে জয়িতার সাথে তার সম্পর্ককে আরও সাবলীল বা ঘনিষ্ঠ করলেন না কেন? আর যদি দীপুই কেন্দ্রীয় চরিত্র হয় তবে দীপুর ব্যাপারে সেঁজুতির ভাবনা, অনুভবটা আরও গভীর দেখানো যেতো! কেনই বা লেখক সেঁজুতির কাছে দীপুর লেখা এতো সুন্দর একটি কবিতার লাইন অজানা রাখলেন! উপন্যাসের শেষদিকে এসে এতো তাড়াহুড়া কেন করলেন লেখক। বিশেষ করে দীপুর মৃত্যর বিষয়টি। আনিস তাকে দেখতে গেলেন না, দীপুর শরীরে আঘাতের কথাটিও গেলেন চেপে। হ্যাঁ, রাজনৈতিক উপন্যাসে অনেক কিছুই এড়াতে চান নতুন লেখকেরা। তবে যেহেতু স্বীকার করেই নেয়া হয়েছে- ঘটনার পরম্পরা বাস্তব ইতিহাস নয়, এটি উপন্যাসই। সবেশেষ আরিফ জেবতিককে বলবো- আপনাকে দিয়ে হবে। বাংলা সাহিত্যে রাজনৈতিক উপন্যাস খুব একটা নেই- একমাত্র সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব-পশ্চিম ছাড়া। এ লাইনে লিখলে আপনি আরও ভালো করবেন বলেই আমার বিশ্বাস।
এরপরের লেখক কানাডা প্রবাসী অমিত আহমেদ। তারুণ্যের উচ্ছাসে ভরা সুদর্শন লেখক। লিখেছেনও বেশ আধুনিক জীবনের যন্ত্রণার কাহিনী। তাঁর উপন্যাসের নাম 'গন্দম'- নিষিদ্ধ সময়ের টান, যাপিত জীবন। বিশেষ করে গুলশান, বনানী ও ধানমন্ডির উচ্চবিত্ত শ্রেনীর প্রাইভেট ইউনিভার্সিটি পড়ুয়া ছেলেমেয়েদের জীবন, তাদের চাকরি, আড্ডা, জীবনযাপনের খুঁটিনাটি বেশ সাবলীলভাবে তুলে ধরেছেন। বলতে হয়- লেখকের দেখার চোখ আছে, যা অনেক দামী লেখকেরও নেই। যেভাবে তিনি গড়েছেন রাজীব-তৃণা- ঋতু-দীপক, সজীব-ইশিতা, রানা-নিপূণ-তমাল-নওরীন চরিত্রগুলো ভাবতে অবাক লাগে এটাই যে তার প্রথম উপন্যাস! মোদ্দাকথা একটা পরিপূর্ণ উপন্যাসের সবকিছুই আছে 'গন্দম' বইটিতে। কাহিনীর বিন্যাস ও ডায়লগগুলোও দারুণ। তবে রাজীব-ঋতুর প্রেমটা আরও বাস্তবসম্মতভাবে উপস্থাপন করা যেতো। যার জন্য রাজীব চরিত্রটির প্রতি মেয়েঘেঁষা, ফুলে ফুলে ঘুরে বেড়ানোর অপবাদটা এসেই যায়। মনে প্রশ্ন জাগে- এতা অল্প সময়েই এতো গভীর প্রেম? যার জন্য রাজীব প্লেনে ওঠার আগেও প্রতিশ্রুতি দেয়- সে ঋতুর কাছে ফিরে আসবেই! সে কী প্রেম না অন্য কিছু? সবশেষে তরুণ লেখক যেভাবে 'গন্দম' উপন্যাসে কোলকাতার ক্রিকেট, নন্দীগ্রাম, বাংলাদেশের এনজিও, ড. ইউনুস ও নোবেল বিষয়ক কথা এনেছেন তাতে বোর লাগেনি কখনো। আর মূলকাহিনীও বেশ পরিণতির দিকেই নিয়ে যেতে পেরেছেন। এখানেই অমিত আহদমদ-এর সার্থকতা।
খবর পেলাম বইগুলোর বিক্রি ভালো। বই তিনটির বহুল প্রচার কামনা করছি। সুস্বাস্থ্য কামনা করছি তিনজন লেখকের। সাথে সাথে প্রকাশনা সংস্থা জাগৃতিকে বলবো আপনাদের তিনটি বইয়েই প্রচুর টাইপো। এদিকে একটু খেয়াল না দিলে এই ভাষা আন্দোলনের মাসে বাংলা ভাষাকে খুব দীন মনে হয়!
২৩.০২.২০০৮
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): পুস্তক আলোচনা ;
প্রকাশ করা হয়েছে: আলোচনা-সমালোচনা বিভাগে । সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ সকাল ৯:১৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মুজিব মেহদী বলেছেন:
কবি-গল্পকার-ব্লগার সুমন রহমানের দু'টো বই বেরিয়েছে১. সিরামিকের নিজস্ব ঝগড়া (কবিতা) : পাঠসূত্র
২. গরিবি অমরতা (গল্প) : মাওলা ব্রাদার্স
বকলম বলেছেন:
চমৎকার রিভিউ! বাংলা ব্লগ অপেক্ষাকৃত নতুন লেখকদের তাদের লেখার সাথে পরিচিত করতে, নতুন লেখক তৈরীতে গুরুত্বপূর্ন ভুমিকা রাখছে অনস্বীকার্যভাবে। আমার একটা লেখা শুনলাম অপর বাস্তব-২ এ প্রকাশিত হয়েছে। বাংলা ব্লগ না থাকলে ঐ অতটুকুন লেখার ধৃষ্টতা কখনও হত না।
এই তিনজন সুলেকের বই কখনই কেনার আগ্রহ জাগত না যদিনা তাদের লেখার সাথে ব্লগে পরিচয় না ঘটত।
শেখ জলিল, আপনাকে ধন্যবাদ চমৎকার গুছানো পর্যলোচনার জন্য।
হযবরল বলেছেন:
খুব ভালো লাগলো রিভিঊ পড়ে। ধন্যবাদ জলিল ভাই।
হাসিব বলেছেন:
আমার কেনার লিস্ট এবার অনেক লম্বা । শুধুমাত্র অপরবাস্তবকে লিস্টের বাইরে রেখেছি । কৌশিক ও বাকি জড়িতদের চৌর্যবৃত্তির জন্য ।
সুনীল সমুদ্র বলেছেন:
ব্লগারদের প্রকাশিত বই নিয়ে চমৎকার পর্যালোচনামূলক লেখা।
এ ধরনের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে বিষদ পর্যালোচনামূলক লেখার উপস্থিতি সামহয়্যারইনব্লগে খুব কম।
কেবল শেখ জলিলই অনেক আগে থেকেই এ ধারাটি অব্যাহত রেখেছেন।এজন্যে তাকে অনেক অনেক ধন্যবাদ।
আমরা এতোদিন শুধু অপরবাস্তব-২ এর প্রকাশনা বিষয়েই জানতাম।
জলিল ভাইয়ের এই লেখার মধ্য দিয়ে বই মেলায় প্রকাশিত বিভিন্ন ব্লগারের বই সম্পর্কে জানা গেল, যা আমাদেরকে তাদের বই সংগ্রহে উৎসাহিত করবে।
জলিল ভাইকে আবারো ধন্যবাদ।
শুভ বলেছেন:
জলিল ভাই,মেইলে এই পোস্টের লিংকটা না পেলে আপনার চমৎকার রিভিউটা মিস করতাম।
বিচিত্র কারণে আমার লেখা আপনার ভাল লাগে এটা জেনে আমারো ভাল লাগছে।
একের পর এক শব্দের ইট সাজিয়ে আমার বানানো নড়বড়ে কাঠামোটা যখন কোন পাঠক অযাচিত মমতায় ছুঁয়ে দেন তখন সেটা ঝলমলে বাড়ি না হয়ে উপায় কী- শিশুর কলরবে মুখরিত একটা পড়ো বাড়ি!
আপনি নিজে একজন সুলেখক- আপনার লোকজ লেখাগুলোর আমি মুগ্ধ পাঠক ছিলাম। তাই আমার বইয়ে আপনার মন্দ লাগার দিকগুলো ভয়ে ভয়ে বলি।
আপনি তাড়াহুড়োর যে বিষযটা উল্লেখ করেছেন, আপনার এই অভিযোগ বিনম্র ভঙ্গিতে মাথা পেতে নেই। এর জন্য দায়টা আমারই।
'খোদেজা'-কে নিয়ে যখন খবরটা পড়ি তখনও আমি ঠিক করে রেখেছিলাম এটা নিয়ে লিখবই। যেটা আমাকে হতভম্ব, হতবাক করেছিল; নর নামের ওই নরপশুরা খোদেজার জানাজায়ও অংশগ্রহন করেছিল!
কিন্তু, আমার ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে লেখা আর এগুচ্ছিল না। যেটা আমি খোদেজার ভূমিকায় শেয়ার করেছি। সবটা এখানে আর শেযার করি না। আশা করছি, এটা হৃদয়বান পাঠক সহৃদয়তার সঙ্গে বিবেচনা করবেন।
কিছু ডিটেইলস- যেমন সোহাগকে নিয়ে, রিপোর্টারকে নিয়ে বা পুলিশ কর্মকর্তা কেমন করে তদন্তভার পেলেন, ইত্যাদি ইত্যাদি।
দেখুন জলিল ভাই, অনেক লেখককে দেখেছি কিছু বিষয়ের বিবরণ দিতে গিয়ে সবটা বলে ফেলেন, তাইলে পাঠকের কাজ কী? আমি লেখক নই বলেই হয়তো ওপথ এড়িয়ে যাই। হয়তো এটা আমার ব্যর্থতা।
আমার সুতীব্র বিশ্বাস, একেকজন পাঠক চলমান একেকটা ক্ষুরধার ব্রেন! এঁরা যখন একটা লেখা পড়েন তখন তাঁর মত করে লেখাটাকে ফালাফালা করেন। কখনও কখনও লেখকের ভাবনাকে ছাড়িয়ে যান, তাঁর মত করে অন্য রকম কাঠামোটাকে দেখেন। এতে লেখকের বিমর্ষ হওয়ার কিছু নাই- আমি তো মনে করি লেখকের জন্য ভারী আনন্দের।
যাই হোক, আপনি এই অভাজনের লেখা পড়েছেন এবং চমৎকার বিশ্লেষন করেছেন বলে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করি।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














