ছিলো সে গহীন জলের ইলিশ।
লবণের তিক্ততায় বেড়ে ওঠা দেহে
একদিন চ'লে এলো সে সুস্বাদু জলে।
যদিবা বাসের যোগ্য ছিলো তিক্ত জল
ছিলো নাকো অনুকূল বংশ বিস্তারে।
প্রবাহী স্রোতের স্তূপাকার ফেণা
দাবীদার দেহের প্রথম পাওনা ছিলো
কানকোয় সুশীতল হাওয়া টেনে
জলের সহায়ে বেঁচে ছিলো সে জলের পরী।
নতুন জলের সুখদ শরীরে তাই
পেয়ে গেলো সে আয়েশী দোলা
উঠে গেলো স্রোতের খেলায় নিকারীর জালে
আক্রোশী দু’হাত নেমে এলো ধীরে অব্যর্থ ধাবায়
তুলে নিলো তার মাংসল শরীর।
থেমে গেলো সব বহমান স্রোত প্রমত্ত চঞ্চল
বুকের গভীরে জমা প্রাণময়ী ডিম;
প্রাণের সুবাসী জল এনে দিলো সমূল বিনাশ
কষ্টের জঠরে জমা হ’লো বেদনার তিক্ত রস!
আক্রোশী নিকারী মারণ প্রলেপে শুধু
সুস্বাদু শরীরে ঢেকে দিতে পারলো না তবু
বেয়াড়া স্বভাবে গড়া তার জ্বলজ্বলে চোখ।
০২.০৮.৮৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

