এসো নতুন দিনে নতুন গানে বর্ষবরণ করি
সাজিয়ে ডালা ডাকছে রে আজ প্রকৃতি সুন্দরী।।
হাওয়ার তোড়ে ঐ উড়ে যায় মেঘের রঙিন খেয়া
ঈশান কোণে ডাকছে রে কোন্ গুরুগুরু দেয়া
সেই হাওয়ারই নাচন থেকে হাজার খুশির রং ধরি।।
আম কাঁঠালের বন জুড়ে আজ পূণ্য সুখের দোলা
দোয়েল শ্যামার মন বুঝি তাই হয় রে আত্মভোলা
তাদের সুখের গানটি শুনেই শূন্যতার এই মন ভরি।।
রুদ্র দিনের ঝঞ্ঝা যেন মুছে দেয় সব গ্লানি
নিঃস্ব গরীব দুঃখীদেরে সবাই আপন মানি
তাদের সেবায় কাটবে বছর প্রত্যেকে এই পণ করি।।
০৮.০৪.১৯৮৯
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০০৮ দুপুর ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


