এখনো আমাকে ফোন দাও কেন
এখনো কি পড়ে মনে ঘোরলাগা দিন
মিষ্টি করে বলো- কেমন আছেন? কেমন চলছে আজকাল?
আমি কি ফেরাতে পারি অতীত দশক কারো
সাইনাসের ব্যথার তীব্রতায় দিতে পারি হঠাৎ খবর
সুতীক্ষ্ণ আলোর ঝলকানি চোখে বিবমিষা এলে
সবই উপশম হতো যে তোমার শুশ্রুষায়
তাকে কি ডাকতে পারি এই অবেলায়?
বুঝিবা তোমার ও হৃদয়ে ছিলো পরম আকুল টান
আমারই ব্যথার দিনে তাই তুমি ছিলে পেরেশান!
অনেক বছর ব্যবধানেই গিয়েছিলাম তোমার বোনের বাড়ি
সাথে অফিস কলিগ, বন্ধুবান্ধব প্রচুর
রাতের খাবার শেষে আটকালে আমাকে দু'জনে মিলে
বুঝিনি কী ছিলো মনে তোমার তখন
আমার চোখেও করছিলো খেলা অসমাপ্ত প্রণয়ের আলো!
অথচ কী আশ্চর্য দ্যাখো
ততোদিনে তুমি করছো অন্যের ঘরদোর
অন্তঃসত্ত্বা উদরে তোমার বয়ে বেড়াচ্ছিলে যার কীট
সে রাতে তুমিও বলতে পারোনি তার কথা।
শুধু পাশ ঘেঁষে বসে অনেক কথা গল্পের শেষে
ঘুমঘুম মায়াভরা চোখে বলেছিলে-
অনেক হয়েছে রাত, ঘুমিয়ে পড়ুন- আজ তবে যাই!
০৭.০৪.২০০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



