নাগরিক কাদায় জড়িয়ে থাকে দু'পা
সংসার সমুদ্রে পা, কবিতার জলাভূমিতে পা
আবার সুরের তন্ত্রীতে হাঁটি হাঁটি পা
রাজপথে কংক্রিটে যে দু'পা নিয়ে হাঁটি
তার চলা হাঁটার কৌশল যন্ত্রণাকাতর
মধ্যবিত্ত জীবনের সিঁড়ি ডিঙাতে পারি না কোনোদিন!
এইভাবে হাঁটতে হাঁটতে গহীন বনের কাছে
দু'হাত পেতে চেয়েছিলাম রুদ্রাক্ষের মালা
গেরুয়া বসন পরে ঘরের আঙিনা ছেড়ে
হতে চেয়েছিলাম মগ্ন বাউল কোনো!
আমার সচল পা থমকে দাঁড়িয়েছিলো বুড়িগঙ্গার পাড়ে
বলেছিলো বৃদ্ধ কাক কালো ঠোঁট নেড়ে নেড়ে
নির্মল প্রাণের চেয়ে দূষিত নিঃশ্বাস, নাগরিক ইট কাঠ
ভাঁগাড়ের জীবন, ভেজাল পণ্য অনেক অনেক ভালো!
সেই থেকে আজো কাকের জীবনে আছি বেঁচে!
১৮.০৪.২০০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



