কেন যে কবিতা লিখি!
কবিতা খেয়েছে এ পোড়া শরীর, রয়েছে কিছুটা বাকি
খেয়েছে সুখের ধন, যাপিত তাবৎ জীবনের টুকিটাকি
পুড়েছে অন্তর, ভিতর বাহির, স্বপ্নীল চোখের মণি
বৃহস্পতি তুঙ্গেতে যখন এনেছে দারুণ শনি
তবু লিখেছি কবিতা কতো করেছি তাতেই বাস
ভালোবেসে তাতেই এনেছি আরো বৈষয়িক সর্বনাশ!
মাথার উপরে সুনীল আকাশ কতো রঙছবি তার
বিশাল করেছে হৃদয়টা আরো চোখটাকে ক্ষুরধার
সবুজে শ্যামলে প্রকৃতির কাছে যতোনা গিয়েছি আমি
স্বপন বুনেছি দুই চোখে আরো প্রতিটি দিবসযামী
নদীখালবিলপাহাড়পর্বত দেখেছি যতোনা ঘুরে
হৃদয়ে জেগেছে প্রকৃতির গান অজানা নতুন সুরে।
কেন যে কবিতা লিখি!
পৃথিবীর সব ছুঁয়ে দেখা হলো, হলো নাতো ঐ মানুষের অন্তর
লেখার কলম তাইতো সচল আঁধারটা করি এফোঁড় ওফোঁড়
মানুষের কাছে বসে থেকে দেখি মানুষেরই আজব নানান রূপ
কবিতা রূপসী আজো বাঁচে মনে তাইতো বাঁচার মধুভরা সুখ!
২০.০৫.২০০৮
©Sheikh Jalil
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০০৮ সকাল ৯:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



