১.
যেদিকেই যাই শিমুল ঝরানো পথ
তপ্ত দুপুরে রোদেলা ফাগুন উদাস বেলা
কুহুস্বরে ডেকে ওঠে স্মৃতির কোকিল
সুর ও বাণীতে বাজে অব্যক্ত প্রেমের গান।
সূর্যোদয়ে, সূর্যাস্তে যে রক্তিম আলোর আভা
তাকে ছুঁয়ে দু'নয়ন খোঁজে পথ আগামীর
যাপিত জীবনে ভরে দিতে চায় সুখের সবুজ
তবু কেন শিমুলের টকটকে লাল রং এসে
তাবৎ বসন্ত রক্তাক্ত বিদীর্ণ করে যায়!
তাকে নিয়ে এ আমার কোন্ অনুভব
প্রথম প্রেমের পাখি করে কলরব।
২.
আরও একটি দিন চলে গেলো গান লিখে-
আমার হলো না কিছু, কিচ্ছু হবে না আমার!
লোকে বলে স্বরস্বতী, লক্ষ্মী একসাথে জোটে না কপালে
তবে যার হয় সব হয়, তামাম দুনিয়া আসে হাঠের মুঠোয়।
যে গায় বাজেট তার কণ্ঠের অনুশীলনে
যে সুর করে বাজেট তার জন্যও অটুট
এমন কি যে বাজায় বাজেট বরাদ্দ তার যন্ত্রেরও
শুধু লিরিকের নেই কোনো মূল্য সুরের বাণিজ্যে!
গান শুনে স্টেজে যখন বাহবা দেয় লোকে
নাম হয় কণ্ঠশিল্পীর- এ যেন শুধু তারই গান
বিস্মৃতির উঠোনে গড়াগড়ি খায় কাব্যকথা
সৃষ্টির প্রসব যাতনায় কাঁদে গীতিকার।
১৮.০৮.২০০৮
©Sheikh Jalil

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

