আমার মাংশ-পেশী, দেহ-কোষ, রক্ত-কণিকা, ধমনী
বুকের হৃদয়, অলিন্দ-নিলয়, শিরা-উপশিরা
মেধা ও মগজ জুড়ে শুধু শব্দগাথা
স্নায়ুতন্ত্রের বিদ্যুৎ খেলে ছন্দতাল
লেখে কবিতা অঢেল হাতের কলম।
এ চোখ যা কিছু দেখে
এ কান যা কিছু শোনে
এ নাক যা কিছু গন্ধ শোঁকে
এ জিহ্বা যা কিছুর স্বাদ নেয়
এ ত্বক যা কিছুর স্পর্শ পায়
সব কিছুতেই খোঁজে শব্দের ভাণ্ডার।
আমাকে ফেরাতে চাও, থামাবে কলম?
আঘাতে আঘাত করো পঞ্চম ইন্দ্রিয়ে
মারো ছুরি, বুলেটে ঝাঁঝরা করো বুক
থামাও স্পন্দন বুকের গভীরে একবার।
মাটির অতল থেকে জন্ম নেবো মহীরুহ
ছায়ায় ছায়ায় তবু ঢাকবো তোমার দেহ
এ বাংলার কবি হবো শ্যামলে আবার
আর তুমি হবে কবিতার খুনি প্রতিদিন!
০৪.০৫.২০০৬
©Sheikh Jalil
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


