যদি কোনোদিন বেঁচে যাই মরে
এ জীবন চাইবো না আর!
কন্টকের সুনিবিড় যজ্ঞে পৃথিবীর মাঠে ঘাটে
সরাবো না দু'হাতে এ যান্ত্রিক জটিল।
আমাদের পূর্ব-পুরুষ তার নির্বীর্য ভ্রুণে
রেখে গেছে দাসত্বের কঠিন শৃঙ্খল
মগজের পলে পলে আজন্ম নিষেধ বাজে মিলিত কোরাসে-
এখানে স্তোত্রের অভিধান ভুল
এখানে প্রণয় সরষের ফুল।
বিবেকের হাটে নিষিদ্ধ সওদার সুস্বাস্থ্য দেখে
কানামাছি খেলার এ রাতদিন সুর তোলে ঐকতানে-
এইখানে এই রাজ্য তারি
অযুত নিযুত পণ্য সারি
করতে লোপাট দু'হাত ভরে
নিঃস্ব-শ্রমিক-কৃষক ঘরে
তেলেস্মাতির নিখুঁত হানা
যার আছে ভাই সকল জানা।
অকালের নিকষ কালোতে পেতে রেখে দুই হাত
অস্পৃশ্য আমিও সুতীব্র চিৎকার তুলি-
কন্টকের সুনিবিড় যজ্ঞে পৃথিবীর মাঠে ঘাটে
সরাবো না দু'হাতে এ যান্ত্রিক জটিল
এ জীবন চাইবো না আর!
১৩.১২.১৯৮৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

