মগজের ভাঁজে ভাঁজে ইদানিং মৃত্যুর দুন্দুভি বাজে
হিমশীতল রাত্রির থাবা খামচে ধরে বুকের পাঁজর
বড়ো কষ্ট হয় নিঃশ্বাস-প্রশ্বাসে, পরিশ্রান্ত দিনের নিটোল অবসরে।
সে কি জানে আমিও নিঃশেষ হচ্ছি অন্দরে কন্দরে
বৈরী বাতাস উড়িয়ে নিচ্ছে সুখের কনক নিকানো উঠোন থেকে!
রাতের আকাশটা বিদীর্ণ করে উড়ে যায় স্বপ্নের হাওয়াই জাহাজ
নিমেষে পাখনা মেলে এই মন সাত সমুদ্র তেরো নদীর ওপারে
স্বপ্নেরা এমনই দীর্ঘ যে স্বদেশ ও বিদেশের সীমানা একাকার হয়ে যায়
তাকে পাই অনুক্ষণ মন ও মননে, সবুজে শ্যামলে প্রতিদিন
সে কি বোঝে এই পাওয়ায় জীবন ও মৃত্যুর দেয়াল নেই কোনো?
যতোবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়েই সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে।
০১.০১.২০০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



