আশাতে হৃদয় বাঁধি বুকের পাঁজরে কেউ দেয় টোকা
অমরত্বের চন্দন কুড়ে খায় বৈষয়িক ঘূণপোকা।
এক পা বাড়িয়ে চলি দু'কদম পড়ে যাই পিছে
স্বপ্নের খরায় পুড়ে বেঁচে থাকা যেন শুধু মিছে!
অন্তরে অন্তর ভরে খুলে যায় সুখের দুয়ার
অনেক নিয়েছি তবু কী যেন পাইনি তার!
ধরা ও ছোঁয়ার মাঝে এ যেন আজন্ম সেতুবন্ধ
এখনও রয়েছি বেঁচে তাই বিরহে হইনি অন্ধ।
তোমাকেই চাই আবার তোমার থেকে যাই ফিরে
আমৃত্যু তুমিই আমার দুঃখ ও সুখ নদী তীরে।
তোমার মিলন সুখে আমি নিয়েছি সন্ন্যাস বাস
এ আমার ভালোবাসা আর না-পাওয়া দীর্ঘশ্বাস!
১৩.০২.২০০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



