এই এখানে একাকী উদ্দেশ্যহীন পথের ধারে
বুকপকেটে কলম বয়ে নিয়ে আসা ঠিক হয়নি তখন
ঠিক এটার জন্যই এখনো লিখছি যা তা!
গোল্লাছুট, ডাংগুলি, লাটাই-ঘুড়ির দুর্দান্ত দিনে
এক্কা-দোক্কা করে ছড়া কেটে লেখার খাতার
কলম হারিয়ে গেলে কৈশোরে কেঁদেছিলাম একবার
একটানা পাঁচটি বছর বন্ধ ছিলো যা তা লেখা।
হাতের কাছে কলম থাকলেই লিখতে হবে শব্দের গাথা
এরকম ভাবনাগুলো ঝেটিয়ে তাড়াতে পারলে ভালো হতো
আরও ভালো হতো অসাবধানে হঠাৎ হারিয়ে গেলে
স্বযত্নে রক্ষিত পরিপাটি বাঁধাই ঐ লেখনীর খাতা।
আমার ভাবনাগুলো আপাতত বন্ধ থাকতো হৃদয় কুঠরীতে
তারপর একদিন আগ্নেয়গিরির মতো উঠতাম জ্বলে!
শেখ জলিল ১০.০৪.২০১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

