বকুল কথা
সান্তনা চট্টোপাধ্যায়।
কতবার
বল কতবার গেছি কাছে!
কতদিন, সে কি আজো তোর মনে আছে-
ওরে আমার বকুল গাছ ।
ফুলে-ফুলে ছাওয়া, বকুলের হাওয়া
শেষ তো হয়না, ভাঙ্গেনা সহজে
নয় নয় এ তো কাঁচ ।
এ যে আমার বকুল গাছ ।
কতখানি ছায়া, কতখানি মায়া
কত ভালবাসা দিয়ে,
তোমায়-আমায় পেতেছে মিতালী
জগত জানবে কি এ ।
তুমি কথাটি বলনা-
ভাবে লোকে -ভাবে ভুল।
কথা যে তোমার-
সুতোয় গেঁথেছি, বেঁধেছি বেনীর চুল ।
তোমার কথা যে- শুধু শুনি আমি,
কথা যে তোমার আমার বকুল ফুল ।
বকুল বকুল আরো কথা বল
বেলা হয়ে আসে শেষ।
পশ্চিম দেখ-
ধরেছে চিতার বেশ ।
শেষ বাসরের গানটি কি হবে
তাও তুমি দিও বলে ।
ঢেলে দিও ফুল, এমনি বকুল
এই বেলা শেষ হলে ।
তোমায়-আমায় ছাড়াছাড়ি হয়ে
যেইদিন যাব চলে-
শেষ শয্যায় গন্ধ-বকুল
বন্ধু দিও গো ঢেলে ।।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
এই কবিতাটি বছর খানেক আগে নেটে খুঁজে পেয়েছিলাম। এতো ভালো লেগেছিলো যে কপি করে রেখেছিলাম। কিন্তু তখন অনেক খুঁজেও কবির নামটি কোথাও পাইনি। সেদিন হঠাৎ আবার গেলাম ঐ ব্লগটিতে। তখনই দেখলাম কবির ছবিসহ নাম। ফেসবুকের ঠিকানাও খুঁজে পেলাম। যোগাযোগ করলাম উনার সাথে। উনার অনুমতি প্রার্থনা করলাম এই সুন্দর কবিতাটি আমার ব্লগার ভাই বোনদের সাথে শেয়ার করার। উনি সানন্দেই রাজী হলেন। নিচে উনার ব্লগের লিঙ্ক দিলাম।
আমার সবুজপাতা
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


