অনেক কষ্ট দিয়েছি আমি জীবনে
স্মৃতির পাতা হাতড়ে আজ বের করে আনি
সেই কষ্টকুমার কারনসমূহ।
আমার দেয়া কষ্টগুলোর বৃহৎ অংশ জুড়ে আছে
কৌতুকদীপ্ত কথাগুলো।
নিছক আনন্দের জন্য হয়ত ফান করেছিলাম কিছু,
অথবা কোন বন্ধুকে দিয়েছিলাম লজ্জাজনক উপনাম
কার সাথে কবে কোথায় কিভাবে ও কখন করেছি এসব
এখন আর মনেও পড়ে না।
কিন্তু কষ্টের সেই কথাগুলো এখনো ধারালো ছুরির মত
আমার সেই বন্ধুর হৃদয়কে ফালি ফালি করে কেটে যায় কিনা আমি জানি না।
বোকামির কারনে বেশ কিছু ভুল করেছি।
না বুঝে এমন কিছু বলে ফেলেছিলাম যার বুলহুইপ ইফেক্ট
আজও বাতাসে প্রতিধবনিত হয়
যাকে যা বলার নয় তাই বলেছি
যেভাবে যা বোঝার নয় তাই বুঝেছি
নির্বুদ্ধিতার কন্সটান্ট সাপ্লাইয়ার এই আমি
বহুমানুষের বহু কষ্টের কারন হয়েছি।
কিছু ভুল করেছি যৌবনের তাড়নায়
যা বলার নয় তা বলেছি
যা শোনার নয় তা শুনেছি
ক দেখেই কলকাতা অবধি ভেবে নিয়েছি
সূর্যালোকের দ্রুততায়।
যতটুকু প্রাপ্য ছিল তার চাইতে বেশী আদায়ে
কবে কখন কাকে কিভাবে কষ্ট দিয়েছি
ঠাহর করতে কষ্ট হচ্ছে এখন।
তর্কের খাতিরে ভুলের সংখ্যাও কম নয়
তর্কে জিততে যেয়ে কত কোমল মনে যে
কুড়ালের আঘাতে দাগ বসিয়েছি
একবারো ভেবে দেখিনি ওপারের মানুষটার
হৃদয়ে যে ক্রমাগত পাথর মেরে চলেছি।
এটম বোমা অপরকে ধবংস করার আগে কিন্তু
ধবংস হয় নিজেই।
হে মানবসকল
তোমাদের কষ্ট দিয়ে আমিও সুখে নেই জ়েনো
আজ আমার সিদ্ধান্ত নিজেকে পূর্ণতা দেবার
প্রতিজ্ঞা করছি এই মুহূর্ত থেকে
আমার শ্বাপদ নখগুলো ভোঁতা হয়ে যাবে
আমার লালায় আর বিষ ঝরবে না
আমি আর মুখিয়ে থাকব না তোমাদের কষ্ট দেবার জন্য
ভুলেও, কখনই আর কভু তোমাদের কাউকে আমি কষ্ট দিব না।
অংগীকার করছি আজ থেকে আমিও তোমাদের মতই হব
নির্বিষ, শান্ত, মায়া ও ভালবাসাপূর্ন একজন মানুষ হব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

