মাহবুব মোর্শেদের একটা লেখা আজ ছাপা হয়েছিল। লিংক হলো-
Click This Link
আমি আমার একটা খুব দীর্ঘ মন্তব্য আলাদাভাবে এই পোস্টে নিয়ে আসলাম।
আমরা অনেকটা স্কুল বিতর্কের মতো একজন আরেকজন কে পরাস্ত করতে চেষ্টা করছি। তার চেয়ে আমরা একজন আরেকজনকে বোঝার চেষ্টা করি। তাছাড়া মৌলিক জ্ঞান, মৌলিক প্রতিভা-এসব বিষয়কে তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করার মতো ক্ষমতা আমার আসলেই নেই। আমি তার চেয়ে কিছু বিষয় সহজভাবে বলার চেষ্টা করি।
একটা মেয়ের কথা ধরুন। ক্লাস এইটে পড়ে। তার পরীক্ষায় একটা প্রশ্ন থাকবে: রচনা লেখ। আমাদের স্কুলগুলোতে যা হয় তা হলো কি কি বিষয় নিয়ে রচনা আসতে পারে তার একটা ধারণা আগেই দেয়া থাকে। ফলে ভাল নম্বর পেতে মেয়েটিকে যা করতে হবে তা হলো দেশের ও কোলকাতার কিছু বাংলা রচনা বই জোগাড় করে সবগুলো মিলিয়ে কিছু রচনা নোট করা।
ধরেন তার একটা নোট করা রচনা হলো 'বাংলাদেশের বন্যা'। সে যদি একটু বুদ্ধিমান হয় তাহলে রচনাটা একটু ভাল করার জন্য সে কিছু বিশ্লেষণ-উপাত্ত পত্রিকা থেকে জোগাড় করতে পারে। কিন্তু এগুলোতে তার নিজের কোন বিশ্লেষণ থাকবে না।
এটা ঠিক যে সব বিশ্লেষণ নিশ্চয় নিজের হওয়া সম্ভব নয়। অন্যের বিশ্লেষণের সিড়ির উপর দাঁড়িয়েই তার বিশ্লেষণ তৈরি হতে পারে। সমস্যা হয় তাতে তা থাকে না। বরং যেহেতু অনেক জায়গা থেকে জিনিসপত্র নিয়ে রচনা তৈরি হয়, তা জগাখিচুড়ির রূপ নেয়। স্বাভাবিকভাবে তাতে বিপুল পরিমাণ স্ববিরোধী চিন্তার সমাবেশ ঘটে। কিন্তু মেয়েটি জানে তাতে খুব বেশি সমস্যা নেই। সে যদি বেশি বেশি পয়েন্টস দিতে পারে, সে বেশি নম্বর পাবেই।
তার নিজের চিন্তার দরকার নেই।
ধরেন সে জানে তার বাসায় যে ছোট মেয়েটি কাজ করে, সে ও তার পরিবার বন্যার কবলে পড়ায় সে তার বাসায় 'কাজের মেয়ে'র চাকরি নিতে বাধ্য হয়েছে । কিন্তু রচনালেখক মেয়েটির সামনে এরকম একটা উদাহরণ থাকা সত্ত্বেও তা তার রচনায় স্থান পাবে না।
এটা বলা কি খুব অযৌক্তিক হবে, সে যদি অন্য সব কিছ বাদ দিয়ে শুধু সেই বন্যাদুর্গত মেয়েটির কথা তার রচনায় স্থান দিতো তাহলে তা উন্নততর হতো। কারণ সে লেখায় তার পারিপার্শ্বিকতা, পর্যবেক্ষণের ছাপ পরিচয় থাকতো। কিন্তু মেয়েটি ভালই জানে তা করলে তার কপালে খবর আছে।
সমস্যা এখানেই। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের দেশে এমন শিক্ষাব্যবস্থা চালু আছে, যার ফলে বেশির ভাগ ছাত্রই পর্যবেক্ষণক্ষমতাহীন, পারিপার্শ্বিকতা-সমাজ থেকে বিচ্ছিন্ন, বিশ্লেষণী ক্ষমতাহীন, মুখস্থবিদ্যানির্ভর হতে বাধ্য হয়, আর তাদের মধ্যে যে সবচেয়ে বুদ্ধিমান, টেকনিক্যাল-সেই ভাল ছাত্রের শিরোপা অর্জন করে।
কোন শিক্ষাপ্রতিষ্ঠানের, একাডেমির কি উচিত এরকম ছাত্রকে প্রমোট করা, বা ছাত্রদের কাছ থেকে এইসব জগাখিচুড়িপূর্ণ কাজ আশা করা। আমি আপাতত বিষয়টা এখানেই শেষ করতে চাই।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০০৮ রাত ৮:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



