তুমি আমার বিয়ানরাতের নিশিকালো
নিঃস্ব হওয়ার রাতের আলো, নিঝুমপুরের নিম্নজীবন;
বাঁশবাগানের ভুতুমপাখির চোখের মতো ভীতু উঠোন।
তুমি আমার আবোলতাবল; ইচ্ছে খুশী
বলার সাহস, উড়তে চাওয়া ডানায় বাঁধা স্বপ্নচাদর।
বৃক্ষবাঁকল, পাতার ফাঁকে রোদের হাসি, হুলুস্থূল
বোধের বশে পুঁড়তে থাকা প্রহর ভাবুক; যা-ইচ্ছে-তাই।
তুমি আমার কোমল চোখের কালচে নদী
নীরবজলে ভাসিয়ে নেওয়া একেলাদুপুর, চিলেকোঠার
দালান-বাড়ী; দৌড়ে ফেরা খেলার মাঠে বর্ষাভেজা একটা বিকেল;
করুণ করে এক মিনতী উপচে পড়া জলের কলস, সুরের আগুন।
তুমি আমার ঘাট-বাঁধানো-পুকুর পাড়ের ডুমুর গাছে হালকা হাওয়া
রাতদুপুরে বর্ষাকদম গন্ধমাতাল শ্রাবণ দিনে, পথ হারানো মেঘের ভেলা।
তুমি আমার অঙ্কখাতার যোগ-গুননের শূন্যফলের হিসাব-নিকাশ
যেই ছুঁয়েছি; অমনি বলা, যা ফেরারি পথ হারানো পথের দিকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

