সে সময়ে বাবারাও কি ভয়ের সম্পর্ক রাখতে চাইতেন? কখনো কখনো সেটাই মনে হয়। বাবা মানেই গুরুগম্ভীর একজন, বাবা বাসায় থাকা মানেই ফিসফাস কথাবার্তা।
আমার মনে আছে আমি তখন এইটে পড়ি, আমার খুব জ্বর হয়েছিল। আমার মা বিছানা ঠিক করছিলেন বলে আমার বাবা আমাকে কোলে নিয়েছিলেন। এর বাইরে বাবা আমাদের চার ভাই বোনকে আর কোলে নিয়েছিলেন বলে মনে পড়ে না।
আমার বাবার ভালবাসার প্রকাশ ছিলো না। প্রকাশ কিভাবে করতে হয় আমার বাবা জানতেন না। ঘুমিয়ে গেলে মাথায় হাত বুলাতেন, আমাদের অসুখ হলে গোপনে কাঁদতেন, কিন্তু আমাদের দেখাতেন না। আর তাই আমাদেরও বাবাকে ভালবাসা দেখানোর সুযোগ ছিল না। বাবা ছিলেন আমাদের জন্য দূরের একজন মানুষ, যিনি শুধু আমাদের জন্যই খাটছেন। বলা যায় ঐ সময় নিয়ম ছিল যেন এরকমই, বাবারা খালি বাইরে কাজ করবেন আর বাসায় এসে শাসন করবেন।
আমার বাবা ভুলো মন ছিলেন। ক্যাডেট কলেজ জীবনে একবার প্যারেন্টস ডে তে আমার ছোট ভাইয়ের নাম লিখে বসেছিলেন। নাম পাঠালেই কেবল যেতে হয় যেখানে প্যারেন্টসরা বসে থাকেন। আমার বাবাকে অনেকক্ষন বসে থাকতে হয়েছিল।
সেই বাবাকে কখনো ভালবাসি বলেছি বলে মনে পড়ে না। বোঝার বয়স থেকে বলিনি, যখন বুঝতাম না তখনও বলিনি। বললে সেই গল্প আমার মায়ের কাছ থেকে শুনতাম অবশ্যই।
আমার বাবা আজ নেই। আমার বাসায় এখন আছে আমার নতুন বাবা। আমার ছেলের বয়স এখন ২ বছর ২ মাস। আমার পাশে শোয়া নিয়ে বোনের সঙ্গে প্রতিরাত ঝগড়া করে এবং জিতে যায়। অফিস যাবো বললে দরজার সামনে দাঁড়িয়ে থাকে, যাতে যেতে না পারি।
এই তো চারদিন আগে। ছেলেটা হঠাৎ আমার কাছে এসে আমার কানটা টেনে নিয়ে বললো, 'বাবা, আমি তোমাকে ভালবাসি'।
এই জীবনে এতটো অবাক কখনো হয়েছি বলে মনে পড়ে না। আমি মোটামুটি চিৎকার করে সবাইকে জানিয়ে দিলাম তার কীর্তি। আমি মুগ্ধ, বিষ্মিত। এই বয়সে সে কিভাবে বললো আমি সে রহস্য আবিস্কার করতে পারিনি। তাও আবার কানে কানে।
আমার বাবাকে আমি কখনো বলতে পারিনি, 'আমি তোমাকে অনেক ভালবাসি'। আমার ছেলের এই আক্ষেপ থাকবে না, আমি রাখবো না।
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০০৮ দুপুর ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



