বিকেন্দ্রীকরণ না করার কুফল আমরা পাচ্ছি হাড়ে হাড়ে। সারা দেশটা যেন রাজধানী ঢাকা কেন্দ্রিক। ঢাকা ছাড়া অন্যান্য জেলা শহরে অফিস আদালত নেই, শিল্প কারখানা নেই, ব্যবসা প্রতিষ্ঠান নেই, কর্মসংস্থান নেই।
কেবল ঢাকা কেন্দ্রিক উন্নয়ন ও রাজনৈতিক মতা কুক্ষিগত থাকার ফলে সারা দেশের মানুষ কর্মসংস্থানের আশায় ঢাকায় ছুটছে। যে কোন ভালো ও সম্মানজনক পেশার জন্য মানুষ তার জেলা শহর ছেড়ে ঢাকায় আসতে বাধ্য হচ্ছে।
সারা পৃথিবীতে উন্নয়ন ও রাজনৈতিক ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে ছড়িয়ে দেয়া হয়েছে, তখন আমাদের দেশ কেন কেন্দ্রীভূত তার রাজধানীতে ? কারণ আমাদের দুর্নীতিবাজ রাজনৈতিক নেতৃত্ব । আমাদের রাজনৈতিক নেতৃত্ব তৃণমূল পর্যায়ে দুর্নীতি নিয়ন্ত্রণ ও তার ভাগ নিশ্চিত করার জন্য সব ক্ষমতা সরকার প্রধানের হাতে কুক্ষিগত করে রেখেছে। স্থানীয় সরকার ব্যবস্থা অচল করে রাখা হয়েছে, সকল উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে সম্পৃক্ত করা হয়েছে সংসদ সদস্যদের।
এরশাদের সময় চালু হওয়া উপজেলা পদ্ধতিকে বাতিল করা হয়েছিল রাজনৈতিক কারণে। ১৯৯১ সালে বিএনপি মতায় এসে উপজেলা পদ্ধতি বাতিল করে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ মতায় এসে উপজেলা পদ্ধতি চালু করে। উপজেলা পদ্ধতি চালু থাকলেও উপজেলাতে নেই জনগণের প্রতিনিধি। অথর্ব করে রাখা হয়েছে উপজেলা প্রশাসন।
গত জোট সরকার ক্ষমতাকের কেন্দ্রীভূত করার জন্য সৃষ্টি করেছিল জেলা মন্ত্রী। জেলা মন্ত্রী তৈরি করে সকল কাজে সরকার প্রধান বা মন্ত্রীদের অযাচিত হস্তক্ষেপ করার রাস্তা দেখানো হয়েছিল। এতে করে স্থানীয় সরকার স্থবির হয়ে পড়ে। পরে অবশ্য উচ্চ আদালত জেলা মন্ত্রী অবৈধ ঘোষণা করে বাতিল করে দেয়।
স্থানীয় উন্নয়ন কার্যক্রমের টেন্ডার প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ করার জন্য এসব জেলা মন্ত্রী ও এমপিরা তৎপর থাকতেন। যে কোন উন্নয়ন কার্যক্রম থেকে ঘুষ বা কমিশন পাওয়া ছিল তাদের মূল টার্গেট। তাছাড়া দলীয় লোকজনকে টেন্ডার পাইয়ে দেয়া ছিল এসব মন্ত্রী বা এমপি অন্যতম কাজ।
এভাবে স্থানীয় সরকারকে উন্নয়নের হাতিয়ার না বানানোর ফলে আজ বাংলাদেশ মানে শুধু ঢাকা শহর। ঢাকা শহর ছাড়া মানুষের কর্মসংস্থানের কোন জায়গা নেই। ঢাকা শহরের বাইরে কোন জায়গায় হয়নি কার্যকর অবকাঠামোগত উন্নয়ন। হয়নি ভালো রাস্তাঘাট, স্কুল , কলেজ, হাসপাতাল কিংবা নাগরিক সুবিধার কোন উন্নয়ন। ফলে যারা সামান্য টাকার মুখ দেখেছে, তারা তাদের এবং সন্তানদের ভবিষ্যতের দিকে তাকিয়ে ঢাকামুখী হয়েছে।
এভাবে সরকারে থাকা জনপ্রতিনিধি ও আমলাদের দুর্নীতি জিইয়ে রাখার মাসুল গুনছি আমরা সবাই। দেশের কোটি কোটি শক্ত হাত আজ বেকার। কর্মসংস্থান নেই। অভাব সবখানে। মানুষের ক্রয়ক্ষমতা বাড়েনি।
শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা ও তার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালিত করে অবকাঠামোগত উন্নয়ন না করা হলে শীঘ্রই বেকার ও দরিদ্র মানুষের চাপে ঢাকা শহর বাসের অযোগ্য হয়ে উঠবে। সে দুর্ভিক্ষ ঠেকানোর কোন পথ থাকবে না।
অবিলম্বে উপজেলা নির্বাচন করে স্থানীয় সরকার ব্যবস্থার একটি ধাপ বাস্তবায়ন করা হোক। নিশ্চিত করে বলা যায়, রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে আর উপজেলা নির্বাচন হবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

