আমার মা অনেক বয়স্ক। বয়সের কারণে শয্যাশায়ী। তার দেখাশুনা করার জন্য একজন বুয়া আছেন। আমাদের বুয়ার অনেক বুদ্ধি। সে কাজে যেমন চটপটে তারচেয়ে বিষয়বুদ্ধিতে বেশি ওস্তাদ। তার দায়িত্ব আমার মাকে দেখাশুনা হলেও সে কিভাবে আরেকজনের কাজ করে দিয়ে দু পাঁচ টাকা বা একটু খাবার আদায় করবে সেই তালে থাকে সারাদিন। ছ্যাচড়া এক ধরনের লোভ আছে তার।
একদিন ইচ্ছা হল দেখি, বুয়ার ভোট দেয়ার বুদ্ধি কেমন। বুয়াকে জিজ্ঞাসা করলাম,বুয়া, কাকে ভোট দিবা ?"
বুয়ার সোজাসাপটা জবাব, ভালো লোকরে ভোট দিমু।
কে ভালো লোক ? ভালো লোক চিনবা কেমনে ?
যে আমার খোজ খবর নেয় ওই ভালো লোক।
কেমন ?
যেমন ভোটের আগে যে আইস্যা আমারে জিগায় কেমন আছ সে ভালো লোক।
আর যে না জিগায় ?
বুয়া হাসে। বলে , সে কি আর ভালো লোক হইতে পারে ?
আমি আবারও তদন্ত করার চেষ্টা করি, সে তোমারে জিগাইল কেমন আছ , আর ভালো লোক হয়া গেল ?
বুয়ার সাফ জবাব, ভালো লোক না হইলে ও আমারে জিগাবে ক্যান ?
বুয়ার এই উত্তরে আমি বাংলাদেশের ভোটারদের দেখতে পাই। বুঝতে পারি, আমাদের দেশে কেন যোগ্য লোক পাশ করে না। কেন দুর্নীতি মামলায় আটক কামরান ১ লাখ ১৫ হাজার ৪৩৬ ভোট পায়। আর তার প্রতিদ্বন্দ্বী ১৪ প্রার্থীর সকল প্রার্থী মিলে ভোট পায় ৭১ হাজার ১৮৩ ভোট। তার নিকটতম প্রার্থী আ ফ ম কামালের সাথে তার ভোটের ব্যবধান ৮৩ হাজার ৩৩৯ ভোট।
আমরা যে কতটুকু আবেগী ভোটার তার প্রমাণ কামরানকে দেয়া এই ভোট। কামরান সিলেট শহরের বর্তমান মেয়র। তিনি সিলেটকে সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছেন তাও নয়। বরং মেয়র থাকাকালে তিনি দুর্নীতি করেছেন এমন অভিযোগ তার বিরুদ্ধে। অথচ এই লোকটি কিনা ভোটের রাজনীতিতে ছক্কা পেটালেন ?
কামরানের মায়ের কান্না ভোটারদের বোকা বানিয়েছে। আমাদের দেশে বেশির ভাগ ভোটারই আমার বাড়ির বুয়ার মতো। আমরা সবাই আবেগের বশে সিদ্ধান্ত নেই এবং অযোগ্য লোককে ভোট দেই। আসলে ভোটার হওয়ার যোগ্যতাই আমাদের হয়নি। তাহলে আমরা যোগ্য নেতা আশা করি কিভাবে ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


