কৈফিয়ত : কে জানত আমার দুঃখ কথার মধ্যে ঢুকে যাবে আমার জীবনের অনিবার্য আরেকটি দুঃখের কথা। তবু মানুষকে দুঃখ পাওয়ার জন্যই বেঁচে থাকতে হয়।
আমার মা, আমার প্রাণপ্রিয় মা, পরপারে চলে গেছেন। সেপ্টেম্বর মাসের ১৭ তারিখে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার চলে যাওয়ার পর আমি বুঝতে পারলাম আমার জীবনে তিনি কিভাবে আষ্টেপৃষ্ঠে ছিলেন। এই দু মাস আমি শোক কাটাতে চেষ্টা করেছি। সচেতনভাবে চেষ্টা করেছি তাকে ভুলে যেতে। পারিনি। প্রতিটি রাতে তার স্মৃতি মনে পড়ে যায়। এত এত স্মৃতি। কোথায় কোন রিক্সায় উঠতে গিয়ে পড়ে গিয়েছিলাম। একবার বাসে উঠতে গিয়ে হারিয়ে গিয়েলাম। ঢাকা গিয়ে ভুল লোকের বাসায় ঢুকে পড়েছিলাম। কয়েক লাখ ঘটনা মনে পড়ে যেতে থাকে। একের পর এক। প্রথম ১০ / ১৫ দিন রাতে ঘুমাতে পারিনি। কেবল তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে পড়ে যেত। মনে পড়তেই থাকত। কখনও শুনতাম তার ডাক। সে যেন আমাকে ডাকছে। তার ঘরের দিকে তাকালে মনে হয়েছে সে আছে, এইতো এখনই হয়তো ডাক দেবে।
না ঘুমাতে ঘুমাতে আমার স্বাস্থ্য ভেঙ্গে যাচ্ছিল। পরে আমার স্ত্রীর পরামর্শে এক ডাক্তারকে দেখালাম। ডাক্তার সাহেব কী একটা ওষুধ দিয়েছেন। এখন ঘুমাতে পারি। কিন্তু স্মৃতি তাড়াতে পারি না । নানা কাজের ফাকে ফাকে তার কথা মনে পড়ে। বাজারে গেলে হঠাৎ করে তার প্রিয় কোন একটা জিনিস চোখে পড়ে যায়। মনটা খারাপ হয়ে যায় তখন।
গত দু মাস ব্লগে এসেছি মাঝে মাঝে। কিন্তু কোন কিছু লিখতে ইচ্ছে হয়নি। কেমন অনর্থক মনে হয়েছে সব কিছু।
দু মাসে অনেকটা শোক কাটিয়ে উঠেছি। কিন্তু এখনও খারাপ লাগে যখন তার কথা মনে পড়ে। আসলে মায়ের কোন বিকল্প নেই। তাকে হারিয়ে তার অস্তিত্ব টের পাচ্ছি। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। আমিন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

