গতকাল ছিল বাংলা নববর্ষ। খুশীর দিন। সবাই যার যার মতো নববর্ষ উদযাপন করেছে।
সেই সুযোগ নিয়েছে এক বিশিষ্ট সন্ত্রাসী। আমার জানা মতে, তার বিরুদ্ধে ২টি হত্যা মামলাসহ একাধিক চাঁদাবাজি ও টেন্ডারবাজির মামলা আছে। সে একজন বিখ্যাত আওয়ামী ক্যাডার ওরফে আওয়ামী লীগ নেতা। আসলে সে বেশি পরিচিত সন্ত্রাসী হিসেবে। গত ৭ বছর যাবৎ এই বিশিষ্ট লোকটি পালিয়ে আছে। দেশ ছেড়ে চলে গেছে।
গতকাল নববর্ষের সুযোগ নিয়ে সে একটি পোস্টার ছাপিয়েছে। পোস্টারে তার একটি বড় ছবি। সে এলাকার জনগণকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে। আসলে শুভেচ্ছা জানানোর আড়ালে সে নিজেকে আবারও রাজনীতির মাঠে পুনর্বাসিত করার সুযোগ খুঁজছে। গতবারের আওয়ামী শাসনের মতো এবারও সে তার পুরোনো পেশায় ফিরতে চাচ্ছে। ৭ বছরের ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য এবার সামান্য বিনিয়োগ করেছে। নববর্ষকে উপলক্ষ করে একটি পোস্টার ছাপিয়ে সে নিজের অবস্থান জানান দিচ্ছে।
নববর্ষ, ঈদ বা অন্য কোন উপলক্ষ এলেই আমরা দেয়ালে দেয়ালে এই ধরনের সন্ত্রাসীদের শুভেচ্ছা সম্বলিত পোস্টারের সাক্ষাৎ পাই। মন খারাপ হয়ে যায়। যারা জেলের ভেতরে থাকার কথা, তারা যদি বুক ফুলিয়ে সমাজে মাথা উচু করে দাবড়ে বেড়ায়, তখন আমাদের মাথা কোথায় লুকাই ?
এই সরকার দিন বদলের কথা বলে ক্ষমতায় এসেছে। আমরা বুঝতে পেরেছি, দিন বদল মানে সন্ত্রাসীদের পুনর্বাসন নয়। কিন্তু বাস্তবে পুরোনো সেই সন্ত্রাসীরা ফিরে আসছে। তাদের অবস্থান জানান দিচ্ছে। আবারও পুরোনো অবস্থায় ফিরিয়ে নিতে চাচ্ছে রাজনীতি ও দেশকে। তাহলে আর দিন বদল হল কই ? নাকি দিন বদল কেবল হবে সন্ত্রাসীর, জনগণের নয় ?
এই রকম নববর্ষ আর চাই না। আর ভালো লাগে না।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



