আমার প্রিয় পোস্ট

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

টিউটোরিয়াল : কিভাবে আপনার প্রথম চলচ্চিত্রটি বানাবেন ? - ০২

২১ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৩

শেয়ারঃ
0 2 0

পর্ব - ০১

পর্ব - ০৩

প্রথম কাজ : সৃজনশীল ভাবনা গল্পের তরে
ভাবনা হবে সৃজনশীল। মানে সৃজন করার জন্য। সৃজন করতে হলে ভাবতে হবে। সেই ভাবনা এলোমেলো হলে হবে না। হতে হবে গুছানো। হতে হবে পরিকল্পিত। হবে হবে সেই মাধ্যমের উপযোগী যেই মাধ্যমে সৃজনশীল কাজটি হবে।
আপনি চলচ্চিত্র বানাবেন। তার জন্য গল্প লিখবেন। সেই গল্প হতে হবে চলচ্চিত্রের উপযোগী। নচেৎ সেই গল্পের কোন মূল্য নাই।
চলচ্চিত্রের গল্প কেমন হয় ? চলচ্চিত্রে আমরা কতগুলো চলমান দৃশ্য দেখি। আর শুনি কিছু শব্দ। তাই গল্পের মধ্যে থাকতে হবে কিছু দৃশ্য বা ছবি এবং কিছু শব্দ। যেই গল্পই বানান না কেন সেটাকে দৃশ্যে এবং শব্দে প্রকাশ হবে।
কিভাবে বানাবেন চলচ্চিত্রের গল্প ?
পৃথিবীর সব গল্প বানানোর একটা সহজ নিয়ম আছে।
এই সহজ নিয়মের জন্য দরকার মগজের ঝড়। ইংরেজিতে যেটাকে বলে ব্রেইন স্টর্মিং - সেটার সোজা বাংলা মগজের ঝড় বলাই ভালো।
যাই হোক, মগজের ঝড় কিভাবে তুলবেন এবং সেটাকে কিভাবে আপনার গল্প বানাতে ব্যবহার করবেন সেটাই হল আলোচ্য বিষয়। এই মগজের ঝড় তোলার নানা কায়দা আছে। অত বিস্তারিত আলোচনায় না গিয়ে আমরা সহজ করে বুঝি।
প্রথমে ভাবুন একটা মূল বক্তব্য নিয়ে। কী বলতে চান আপনি এই চলচ্চিত্রের দিয়ে ? যেমন, আপনি বলতে পারেন :
০১) মানুষ মানুষের জন্য।
এই সহজ কথাটি বোঝানোর জন্য আপনি একটি গল্প তৈরি করতে পারেন । সেই গল্পে কোন মানুষ নিঃস্বার্থভাবে অন্য মানুষের জন্য জীবন বিলিয়ে দেবে। অপর জন তার এই বিলিয়ে দেয়ার কথা প্রথমে জানবে না। যখন জানবে তখন আর প্রতিদান দেয়ার সময় নাই।
অথবা
০২) প্রেম নয়, টাকাই বড়।
একটি প্রেমের গল্প। গল্পের শেষে দেখা গেল কেবল টাকার জন্য নায়ক / নায়িকা অপর জনকে ছেড়ে গেল। অপরজন তার এই দুঃখে তার জীবন বিসর্জন দিল ।
অথবা
০৩) টাকা নয়, প্রেমই বড়।
এইটিও একটি প্রেমের গল্প। এই গল্পে গল্পের নায়ক টাকার মোহ ছেড়ে তার প্রেমাস্পদকেই বড় করে দেখবে। টাকা বা সম্পদের হাতছানি এড়িয়ে সে তার প্রেমের জন্য একের পর এক ত্যাগ করতে লাগল। কিন্তু তার এই প্রেমের মূল্য দিতে গিয়ে নানা বাধার সম্মুখীন হতে হল।
আরেকটা কথা, গল্পের এই মূল বক্তব্যটা গোপন রাখতে হবে। কোথাও প্রকাশ্যে বলা যাবে না। যত গোপন রাখা যাবে, যত কৌশলী হওয়া যাবে, ততই গল্পটা শৈল্পিক হয়ে উঠবে । কিন্তু সে জন্য গল্পটি জটিল করা যাবে না, গল্পটি হবে সহজবোধ্য, যুক্তিসঙ্গত, অদ্বিতীয় ও স্বাভাবিক সম্ভাব্য ঘটনায় ভরপুর। এমন কোন ঘটনা থাকবে না, যেটা খাপ খায় না, অস্বাভাবিক লাগে। তেমন কোন ঘটনা জুড়ে দেয়ার লোভ দমন করতে হবে, আবেগ সংযত করে সেই অংশটুকু নিষ্ঠুরের মতো বাদ দিয়ে দিতে হবে।
এবার মগজের ঝড় বিষয়টা বোঝার জন্য একটা অনুশীলনী করা যাক।
অনুশীলনী :
০১) এক টুকরো সাদা কাগজ ও কলম নিন।
০২) একটি শব্দে একটি বিষয় বেছে নিন। শব্দটি কাগজের মাঝখানে লিখুন। মনে করুন, এটি একটি বীজ। এই বীজ থেকে একটি চারা গাছ জন্মাবে। এই চারাগাছটিই আমাদের নির্মিয়মান চলচ্চিত্রটি। যেমন : শব্দ হল - ঈর্ষা।
০৩) এবার সেই শব্দটি থেকে একটি বাক্য রচনা করার চেষ্টা করুন। বাক্যটি চারাগাছটি কত বড় হবে সেটা নির্ধারণ করে দেবে। যেমন : ঈর্ষা মানুষের সর্বনাশ করে।
০৪) এই বাক্যটি এমন হবে যেন গল্পের শুরু, মধ্য ও শেষ বিষয়ে একটা আভাস দেয়। যেমন : ঈর্ষা মানুষের সর্বনাশ করে - এই বাক্যে একটা গল্প শুরু হবে ঈর্ষা দিয়ে এবং মধ্যভাবে ঈর্ষার মাধ্যমে কেউ কারো ক্ষতি করবে এবং গল্পের শেষে তার হবে সর্বনাশ। তার মানে হল এই বাক্যটি এমন যে, এই বাক্যটি থেকে এমন একটি গল্প তৈরি করা সম্ভব - যার শুরু, মধ্য ও শেষ আছে।
০৫) এই বাক্যের চারপাশে সাদা কাগজের মধ্যে ঈর্ষা ও সর্বনাশ সংক্রান্ত যত শব্দ মনে পড়ে সবগুলো শব্দ লিখে ফেলুন। প্রত্যেকটি শব্দ দিয়ে একটি করে ঘটনা তৈরি করার চেষ্টা করুন। কিন্তু এই ঘটনাগুলো মূল বাক্যের বিপরীত কোন বক্তব্য প্রকাশ করবে না।
যেমন : লিখুন, ক্ষতি করা, চুরি করা, আগুন লাগানো, এসিড মারা, কান ভাঙ্গানি দেয়া - এই প্রতিটি কাজ ঈর্ষার সঙ্গে সম্পর্কিত ।
আবার সর্বনাশের সঙ্গে সম্পর্কিত শব্দ হতে পারে - মারামারি হওয়া, সংঘর্ষ হওয়া, দাঙ্গা লাগা, টাকা হারানো, মামলা -মোকদ্দমায় জড়ানো, লুট হওয়া, ভাংচুর হওয়া, অসুস্থ হওয়া ইত্যাদি।
০৬) এই ভাবে শব্দ লিখে লিখে কাগজটি ভরে ফেলুন। যত বেশি শব্দ লেখা যায়, ততই ভালো। তবে শব্দগুলির মধ্যে দেখার ও শোনার উপাদান থাকলে ভালো হয়। কেননা চলচ্চিত্র তো দেখা ও শোনার মাধ্যম। কিন্তু এমন কোন শব্দ লেখবেন না যেটা এই মূল বক্তব্য বা বাক্যটির সাথে সম্পর্কিত নয়।
০৭) বীজ থেকে পুরো বৃক্ষ হতে যেমন নানা দুর্যোগ পেরুতে হয়, তেমনি অনেক বাধা বিঘ্ন ঘটার মতো ঘটনার কথা লিখুন। তবে সেই সব ঘটনা এই কাগজে নয়, অন্য কোন কাগজে লিপিবদ্ধ করুন।
০৮) তার মানে দাঁড়াল এই, আপনি মূল বক্তব্যটি দিয়ে এমন একটি বাক্য রচনা করবেন যেটা গল্পের শেষ, মধ্য ও শুরু প্রকাশ করবে। বিশেষ করে গল্পের শেষটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গল্পের শেষ কিভাবে হবে সেটাই আগে নির্ধারণ করে নিন।
এই যে কাজটা করলাম, এটাই হল মগজের ঝড় বা ব্রেইন স্টর্মিং। একটা ভালো গল্প লেখার জন্য মগজে ঝড় তুলে বিষয়টা আগে বুঝে নিতে হবে। এটা হল সহজ পন্থায় মগজের ঝড়। নানাভাবে মগজের ঝড় তোলা যায়। এই কাজটি নতুনদের জন্য খুবই জরুরী। যারা অভিজ্ঞ তাদের জন্য এই রকম মগজের ঝড় না তুললেও চলবে।

(অফ টপিক : আমার লেখা "কিভাবে আপনার প্রথম চলচ্চিত্রটি বানাবেন ? " নামের একটি অপ্রকাশিত বই থেকে লেখাটি দেয়া।)

পর্ব - ০১

পর্ব - ০৩

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): টিউটোরিয়ালচলচ্চিত্রসিনেমামুভিফিল্ম ; ;
প্রকাশ করা হয়েছে: চলচ্চিত্র  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১০ দুপুর ১২:৩২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৩
ভাবারূ বলেছেন: সময়োপযোগী এবং খুবই কাজের একটা পোষ্ট। অসংখ্য ধন্যবাদ আপনাকে!
২১ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩১

লেখক বলেছেন: কারো কারো জন্য কাজের, কিন্তু সময়োপযোগী কিভাবে ?

২. ২১ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:০৯
মন মানে না বলেছেন: প্রোফাইলে লিখছেন

"স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই। তাই চারপাশে যা ঘটে তা ধরে রাখতে চাই কালো অক্ষরে।"

আর আপনি এইখানে সিনেমা বানানোর তালিম দিতাছেন ।

কথা কাজে মিল নাই !! B-) B-) B-) :P :P :P

মাইনাস (+ +)লন !
২১ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৩

লেখক বলেছেন: ওইটা তো একজন ব্লগারের প্রোফাইল। প্রোফাইলে তো আর চলচ্চিত্র চালানোর উপায় নাই।

৩. ২১ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১০
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: মুল জিনিস যে কবে পুস্টাইবেন কে জানে!
২১ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৫

লেখক বলেছেন: ধৈর্য অতি মহৎ গুণ

২১ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৫১

লেখক বলেছেন: একটা দালান যত উচু করবেন, তত বেশি তার ভিত্তি শক্ত করতে হবে। সিনেমা বানানোর ক্ষেত্রে এই কথা সত্য। প্রি প্রোডাকশন বা শুটিং শুরু করার আগে বেশি জোর দিয়ে নিখুঁত কাজ করলে সিনেমা ভালো হয়।
আর শিক্ষা সব সময়ই একটি ধীর গতির কর্ম। কারণ দ্রুত শিখলে হয় শেখা হয় না, নচেৎ ভুলে যায় তাড়াতাড়ি।
আমার বইটি কিন্তু ৫ ফর্মার মানে প্রায় ২০ হাজার শব্দের। সুতরাং আপনার আশংকা সত্যি।

৪. ২১ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:১৩
অনার্য তাপস বলেছেন: আপনি কি সিনেমা বানাচ্ছেন নাকি শামীম ভাই।
২১ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৪

লেখক বলেছেন: জ্বী জনাব, একটা স্বল্পদৈর্ঘ্য বানাইতেছি।

৫. ২১ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৮
মন মানে না বলেছেন: যুক্তি পছ্ন্দ হয় নাই !

আরেকটা যুক্তি দেন ।
২১ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৩০

লেখক বলেছেন: আর যুক্তি দিতে কইয়েন না, তারচেয়ে বরং একটা মাইনাস দেন। ওইটাই সহজ। প্রোফাইলের বাতচিত বদলাইতাছি শীঘ্রই।

৬. ২১ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৭
শ।মসীর বলেছেন: শেষ হইলে একেবারে পড়ুম ।
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৮

লেখক বলেছেন: যাক, আমার বইয়ের একজন পাঠক পাওয়া গেল।

৭. ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৫১
সরকার সেলিম বলেছেন: দিক্ষা নিলাম। পর্ব ৩ এর অপেক্ষা.......
২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: পর্ব -৩ আসবে। একটু অপেক্ষা করুন।

৮. ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৫২
সরকার সেলিম বলেছেন: ও আরেকটা ব্যাপার। বই বাজারে এলে খোজ দিয়েন.....
২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৭

লেখক বলেছেন: আবার জিগায় ........... ;)

৯. ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৫১
সুনীল সমুদ্র বলেছেন:

ভীষণ ইন্টারেষ্টিং একটা পোষ্ট। প্রথম পর্ব থেকেই বেশ মজা পাচ্ছি।
এমন একটা পোষ্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫৯

লেখক বলেছেন: আশা করি, শেষ পর্ব পর্যন্ত আপনাকে পাব। ভীষণ লম্বা হবে কিন্তু।

১০. ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ১০:০৮
অগ্নির বলেছেন: আমার আগের মন্তব্যের উত্তর দেননাই ।
২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:০০

লেখক বলেছেন: বুঝি নি, কোন মন্তব্য ?

১১. ২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩০
ভাবারূ বলেছেন: বাংলাদেশে ইদানিং প্রচুর মেধাবী তরুণেরা চলচিত্র বানানোর প্রতি আগ্রহী। ভাল দর্শকও তৈরী হয়ে গেছে। বেশ কিছু ভাল ভাল কাজ-ও হচ্ছে। একারণে সময়োপযোগী।
২২ শে অক্টোবর, ২০০৯ দুপুর ২:০২

লেখক বলেছেন: এই সব স্বপ্নবান তরুণদের জন্যই বইটি লেখা - যারা চলচ্চিত্র সম্পর্কে কিছু জানে না কিন্তু বুকে অসম্ভব হিম্মত।

১২. ২২ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১০
অনার্য তাপস বলেছেন: শামীম ভাই, আমি আর ব্লগার মানিক হাসান মিল্লা একখান বানাইছি। নাম ‌তিনকাহন। এহন ওইখানের সাবটাইটেলের কাম চলতাছে। দোয়া কইরেন।
২২ শে অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪

লেখক বলেছেন: ছবিখান দেখবার চাই। দাওয়াত দিবেন কবে ?
আর আমার কাছে অনেক সিনোপসিস আছে, যদি ভবিষ্যতে লাগে আওয়াজ দিয়েন।

১৩. ২২ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:০০
অনার্য তাপস বলেছেন: দিমু। সাথে থাইকেন।
১৪ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৩৩

লেখক বলেছেন: ওকে।

১৪. ২৬ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৩
অগ্নির বলেছেন: "টিউটোরিয়াল : কিভাবে আপনার প্রথম চলচ্চিত্রটি বানাবেন ? - ০১ " - এই লেখায় আমি একটা মন্তব্য করেছিলাম ।
১৪ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৩১

লেখক বলেছেন: আপনার মন্তব্যের উত্তর দিয়েছি।

১৪ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৩১

লেখক বলেছেন: কেমন লাগল ?

১৬. ১৩ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৪৭
ওমর হাসান আল জাহিদ বলেছেন: ২য় পর্ব পড়ে ৩য় পর্বের দিকে রওয়ানা হলাম।
১৪ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৩০

লেখক বলেছেন: কেমন লাগল সেটা তো জানানো দরকার ছিল। কমপক্ষে সমালোচনা তো করতে পারতেন।

১৭. ০৬ ই মে, ২০১০ দুপুর ১২:০৪
সুনীল রায় বলেছেন: আপনার টিউটরিয়াল সত্যিই কাজের। আপনাকে অসংখ্য ধন্যবাদ
০৬ ই মে, ২০১০ বিকাল ৪:০৮

লেখক বলেছেন: পড়ার জন্য এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১৮. ১৭ ই এপ্রিল, ২০১১ রাত ১২:৫৯
ধ্রুব তারা বলেছেন: অনুশীলনের অংশটি ভাল লাগল
১৮ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ।

 

মোট সময় লেগেছে ১.১০১৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাতে চাই। তাই চারপাশে যা ঘটে তা ধরে রাখতে চাই কালো অক্ষরে।
ইচ্ছা করি, যত দিন স্বপ্ন...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ