রাজাদার এক বন্ধু মাছের ব্যবসায়ী - থুড়ি, মাছের পোনার ব্যবসায়ী, পোনা ফুটিয়ে বিক্রি করেন, প্রচুর পয়সা, কিন্তু বিশ্বাস সাধারণতঃ কাউকে করেন না। দীঘা থেকে চিংড়ির পোনা আনতে হবে, কে যাবে?- ঘরে আছে রাজাদা কোমর বেঁধেছে। চিংড়ির পোনা আনা থেকে প্রতিপালন, অক্সিজেন দেওয়া, খাবার দেওয়া, রাজাদা বিশেষজ্ঞ। বাজারে সাতসো টাকা কিলো দরে পোনা বিক্রি। রাজাদার প্রাপ্তি - দিনে এক'দু প্যাকেট সিগারেট, মোবাইলের ক্যাশ কার্ড। রাজাদা খুশি।
রাজাদার মা খুব অসুস্থ, ডাক্তার বলেছেন, অপারেশন করতেই হবে নইলে রুগীকে বাঁচানো যাবেনা। বাড়ীর সবাই নাওয়া খাওয়া ভুলে গেছে। আমরাও খুব চিন্তিত। যে সার্জেন অপারেশন করবেন, তিনি কোলকাতা থেকে এসেছেন। তিনি খুব সকাল সকাল অপারেশন করবেন। রাজাদার বাড়ীর লোকেরা স্বভাবতই খুব চিন্তিত। রাজাদার মায়ের অপারেশন - আমরা খুব সকাল থেকেই নার্সিং হোমে রয়েছি। রাজাদার দেখা নেই । রাজাদার মাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। রাজাদা নেই ।
হঠাৎ রাজাদা এলেন, স্যুটেড বুটেড। যে রাজাদা মাসে দু'বারের বেশী দাড়ি কামাবার সময় পায়না, সেই রাজাদা ক্লীন সেভড।
রাজাদা কোথাও যাচ্ছেন - রাজাদার ছোটোভাই জিজ্ঞেস করলো।
হ্যাঁ, অনুপমের বোনের ছেলে দেখতে।
মায়ের এত বড় একটা অপারেশন
আমি থাকলেও যা হবে, আমি না থাকলেও তাই হবে ।
তবুও
না আমার কথা দেওয়া আছে, আর জানিসতো আমি কথার খেলাপ করতে জানিনা।
রাজাদা ফিয়েট গাড়ী চড়ে অনুপমের বোনের ছেলে দেখতে চলে গেল।
অনুপমের বোনের বিয়েতে রাজাদাকে গাধার খাটনি খাটতে হয়েছিল, কারণ ছেলে দেখা থেকে লোককে খাওয়ানো, বাজার হাট করা সব কিছুই রাজাদাকে একা সামলাতে হয়েছিল । অনুপমের বোনের বিয়েতে অনুপমতো আর খাটাখাটনি করতে পারেনা। কোনো কিছু প্রাপ্তির আশা না করে রাজাদা নিঃস্বার্থ ভাবেই খেটেছিল। এযাত্রা রাজাদার প্রাপ্তি একজোড়া চটিজুতো । অনুপম বোনের হবু বরের চটি কিনতে দোকানে গিয়েছিল, সঙ্গে রাজাদাও ছিল । অনুপমও একজোড়া জুতো কিনেছিল, চক্ষু লজ্জার খাতিরে রাজাদাকেও একটা দিয়েছিল।
কোলকাতার ডাক্তার অপারেশন খুব ভালই করেছিলেন । রাজাদার মা এখন সুস্থই আছেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

