এই রাজাদা জেনারেটারের ব্যবসা করেন। আমাদের অফিসে অনেকগুলি জেনারেটার ভাড়া দিয়েছেন। আমাদের এই রাজ্যে অনেকদিন ধরেই বিদ্যুতের আকাল চলছে। রাজাদার ব্যবসা স্বভাবতই রমরমা। তবে যখন রাজাদা জেনারেটারের ব্যবসা চালু করেছিলেন তখন তেলের দাম খুবই কম ছিল। এখন তেলের দাম বহুগুন বেড়েছে। কিন্তু জেনারেটারের ভাড়া বাড়েনি। গত কয়েকমাস ধরে অস্বাভাবিক হারে লোডশেডিং / পাওয়ার কাট হচ্ছে। জেনারেটার চালানোর মাত্রাও বেড়েছে। মেশিনগুলো তেল খাচ্ছে গাঁক গাঁক করে। শণিবার/রবিবারও অফিস খোলা থাকছে। রাজাদার রাতের ঘুম কমে গেছে। সুগার কোলেষ্টেরলের মাত্রা বেরেছে।
সাধ করে মুই খলানত লাগাছিনু বাহারিয়া ফুল-এটি এ অঞ্চলের স্থানীয় একটি প্রবাদ বাক্য। মানে সাধ করে বাগানে আমি বাহারী ফুল লাগিয়েছিলাম। রাজাদা সাধ করে ১০০-কেভি'র মেশিন বসিয়েছেন কারন অফিসে অনেকগুলি ঠান্ডা মেশিন চলে, কপিং মেশিন চলে, ঘরে ঘরে কম্পিউটার চলে, আছে স্যাটেলাইট কানেকশান। বিদ্যুতের ব্যবহার বেশী, বেশী পাওয়ারের মেশিন না বসিয়ে উপায় কি।
বেশী পাওয়ারের মেশিন বেশী তেল খাবে এটাতো সবাই জানেন, রাজাদা কি বুঝতে পারেননি? পেরেছিলেন ঠিকই। রাজাদা ভেবেছিলেন সাহেবরা জেনারেটারের ভাড়া বাড়িয়ে দেবেন । কিন্তু বাড়াননি। রাজাদা এখন ছোটো সাহেবদের দোরে দোরে ঘুরছেন । ভাড়া বাড়ছেনা। বড় সাহেবের কাছে এখনও যেতে সাহস পাননি।
সব দোরে ঠোক্কর খেতে খেতে হঠাৎ কি মনে করে আমার দোরে রাজাদা এসে হাজির। রাজাদার বড়দা আমার স্কুল/কলেজের সহপাঠী। সেই হিসাবে রাজাদা আমার ভাই। সুতরাং রাজাদা আমার কাছে আসতেই পারেন।
কিন্তু আমি কি করে রাজাদার জেনারেটারের ভাড়া বাড়াবো আমার বোধগম্য হলনা। আমি সে কথা বলতেই রাজাদা হাউ হাউ করে উঠলেন। রাজাদা নিয়ম করে দুবেলা আমার বাড়ীতে হানা দিতে লাগলেন। আমার স্ত্রীর মানে তার বৌদির সে খুব প্রিয় পাত্র হয়ে গেলেন। আমার স্ত্রীও নিয়ম করে আমাকে তাগাদা দিতে লাগলেন। আমার যে কি ক্ষমতা সে তো আমি জানি। সে কথা আমি কাকে জানাবো? স্ত্রীকে সে কথা ঘুনাক্ষরেও জানানো যাবেনা। আমি শুধু তানা তানা করে যাচ্ছি।
বড়সাহেব ছুটির একদিন সকালে এত্তেলা দিলেন। গিয়ে দেখি পাওয়ার কাট চলছে । জেনারেটার চলছেনা মানে চালানো যাচ্ছেনা। আগের দিন রাতে প্রায় চার-পাঁচ ঘন্টা পাওয়ার কাট ছিল। তেল ফুরিয়ে গেছে। আলো পাখা এসি মেশিন চলছেনা। বড়সাহেবের মেজাজ বিগড়ে গেছে। আমাকে বললেন রাজাকে ফোন করোতো। আমি শুধু রাজাদাকে বললাম বড়সাহেবের বাড়ীর জেনারেটার চালাবার ব্যবস্থা করো এখনই ।
বড় সাহেব আমাকে বললেন আজ আর কাজ হবেনা। তুমি বিকেলে এসো। আমি চলে এলাম।
পরে শুনি রাজাদার জেনারেটারের ভাড়া বেড়ে প্রায় দ্বিগুন হয়ে গেছে।
ব্যস, আমি রাজাদার কাছে হিরো হয়ে গেলাম। রাজাদা আমাকে এখন দুর থেকে সমীহ করে চলে। সব যায়গায় বলে বেড়ায় আমি একটা মহান কাজের লোক। আমার এক কথায় রাজাদার জেনারেটারের ভাড়া বেড়ে দ্বিগুন হয়ে গেছে।
কিন্তু আপনারা সবাই জানলেন আমি কি করেছিলাম। আমি কাউকে আজও বলিনি আমি কি করেছি।
অবশ্য আমার স্ত্রী ঠিকই জানেন যে আমি কোনো কাজের লোকই না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

