আমার প্রিয় পোস্ট

The Return - 2003

১৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:৪০

শেয়ারঃ
0 0 0

জীবনে প্রথমবার ছবি বিষয়ে লিখি ইগোস্লাভিয়ান ছবি ”স্কাপলজাসি পেরজা” নিয়ে। এরপর আর সেভাবে ছবি দেখা হয়ে উঠেনি, কিন্তু ডাউনলোড করা থামাইনি। প্রায় পাঁচশত ছবি ডাউনলোড করার পর দেখলাম খুব কম ছবি আমাকে মন্ত্রমুগ্ধ করতে পেরেছে, আর যেগুলো পেরেছে সেগুলো নিয়ে লেখার একটা চাপা উত্তেজনা কিছুতেই দমাতে পারিনি। একটা ভাল ছবি আমার কাছে একটা কালোত্তীর্ণ দলিল, যেটা যেকোন কালে মানুষকে খুব সহজেই পারে আকর্ষিত করতে। শেষ যে দুটো ছবিটা দেখে মন্ত্রমুগ্ধ হয়েছি তার একটা হল জন ফোর্ডের ”হাই গ্রীন ওয়াজ মাই ভ্যালী”, অপরটা রবার্টো বেনিগনির ”লাইফ ইজ বিউটিফুল”। কিন্তু ছবি দু’টো নিয়ে লিখব লিখব করেও আর লেখা হয়ে ওঠেনি, অথচ আজকে যে ছবিটার জন্য পুনরায় বাধ্য হলাম লিখতে সে ছবিটা হল ”দি রিটার্ন”।

ক’দিন আগে আমার এক পরিচিত বড় ভাই আমাকে কিছু ছবির লিষ্ট দিয়ে বলল ছবিগুলো ডাউনলোড করতে, মানে উনার চাই। এদিকে আমার আরেকবন্ধু ধরিয়ে দিয়েছে প্রায় শ’দুয়েক ছবির একটা লিষ্ট। সবগুলো মিলিয়ে প্রায় আড়াইশত ছবি, কখন ডাউনলোড করি, আর কিভাবেই বা করি। বেশ বিরক্ত হয়ে মনে মনে যখন ঠিক করলাম, না, আর ছবি ডাউনলোড নয়, ঢের হয়েছে, ঠিক তখুনি পরশু রাতে ল্যাপটপের চৌদ্দ ইঞ্চি স্ক্রীনে রাত প্রায় একটা পর্যন্ত স্তব্ধ হয়ে যা দেখলাম তা ছিল ”দি রিটার্ন”।

খুব কম ছবিই যেন এভাবে আরম্ভ হয়, অন্তত আমার দেখা ছবিগুলোর মধ্যে তেমন কোন ছবির নাম আপাতত মনে করতে পারছিনা। ছবিটার শুরুটা অনেকটাই যেন কাফকার গল্পের মত, এমনভাবে শুরু যে পাঠক প্রথমে ঘটনার আকস্মিকতায় চমকে যায়, তারপর ধীরে ধীরে ঢুকতে বাধ্য হয় গভীর থেকে গভীরে। রাশিয়ানদের আমি বরাবর ঈর্ষা করি, আর ছবিটা দেখা শেষ হবার পর সেটা এখনও রয়েছে দেখে স্বস্তি পেলাম। ২০০৩-এ মুক্তি পাওয়া ’আন্দ্রেই জিভাজিন্টসেভ’ এর নিদের্শনায় তৈরী ১০৫ মিনিটের এই রাশিয়ান ছবিটি ছবিপ্রেমি মাত্রকেই নিশ্চিতভাবে বসিয়ে রাখবে স্ক্রীনের সামনে।

দু’জন কাছাকাছি বয়সের বালকের মানসিকতাকে সেলুলয়েডে যে এভাবে ফুটিয়ে তোলা যায় তা ছবিটা না দেখলে বোঝা যাবেনা। ছবিটার শুরু এভাবে, কাছাকাছি বয়সের দু’ভাই দৌঁড়াতে দৌঁড়াতে বাড়ি এসে মায়ের কাছে জানতে পারে যে তাদের বাবা এসেছে। ব্যাপারটা জানার পর তারা এতটা তাজ্জব হয় যে প্রায় বিশ্বাস করতে পারেনা। ১২ বছর যে বাবার কোন খবর নেই হঠাৎ এতবছর পর আকস্মিকভাবে তার উপস্থিত হওয়ার ঘটনা বড় ভাইয়ের মনে তেমন একটা প্রতিক্রিয়া তৈরী না করলেও ছোট ভাইয়ের মনে যে মানসিক প্রতিক্রিয়া, সন্দেহ, তা থেকে সৃষ্ট নানাবিধ প্রশ্ন এবং আত্নদ্বন্দ্বের যে সেলুলয়েড চিত্রায়ণ তাতে ছবিটা এখনও আই.এম.ডি.বি রেটিং-এ ৮.১ ধরে আছে, যা কিনা আমার কাছে কোনরুপ সংশয় ছাড়াই ১০ এবং তা দশের মধ্যেই।

একটা কেমন জানি ঘোর ও রহস্য তৈরী করে ছবিটা। কাহিনী বিন্যাসটাও যেনবা সেভাবেই করা, বিশেষ করে ১২ বছর পরে ফিরে আসা একজন পিতার তার সন্তানদের সাথে কৃত আচরণ দর্শকের মনে অবশ্যম্ভাবীরুপে প্রশ্ন তৈরী করে আর দর্শক সেটা জানার জন্য বাধ্য হয় ক্রমশ সামনের দিকে এগিয়ে যেতে। ১২ বছর পর নিজ সন্তানের কাছে ফিরে আসা পিতা নিশ্চয় চাইবে তাদের সন্তানের সাথে নিজেকে মিশিয়ে নিতে, এত বছরে তৈরী হওয়া বিশাল দূরত্বটা কমিয়ে আনতে। অথচ সম্পূর্ণ উল্টো চরিত্রের এই পিতাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতেই দর্শক উদগ্রীব হয় এবং নিজের অজান্তেই এগিয়ে যেতে থাকে সামনের দিকে।

পুরো ছবি দেখতে দেখতে আমার এতটুকু ক্লান্তি আসেনি বরং অনেকদিন পর চিত্রনাট্য, নির্দেশনা, অভিনয় সব মিলিয়ে একটা সেন্ট পার্সেন্ট ভাল ছবি দেখার মুগ্ধতায় বসে থাকতে থাকতে যখন শেষ ১৫ মিনিটে উপস্থিত হলাম, তখন আর কোন কিছু ভাবার বিন্দুমাত্র অবকাশ ছিলনা। ছবিটার শেষ ১৫ মিনিটে কি হয়েছে আমি তা বলতে চাইছিনা, তবে যারা দেখবেন তারা বহুদিন পর্যন্ত এই ছবিটার শেষটা ভুলতে পারবেনা।

পুরো ছবিটার মোড় যে এমন অভাবনীয় আকস্মিকতায় ঘুরে যাবে সেটা বুঝে ওঠার আগেই পরিচালক এরপর একের পর এক যেসব দৃশ্যর অবতারণা করেছেন শেষ ১৫ মিনিটে, তাতে দর্শক মাত্রই এমন একটা বোধের মধ্যে ঢুকে যাবে যে যেখানে শব্দ নেই কোন, শুধু স্থির হয়ে থাকা জল আর জল। বার্গম্যানের ছবিগুলোর অধিকাংশেই দেখেছি জলের উপস্থিতি। দেখেছি তারকোভস্কির ছবিতেও। উনার ছবিতেতো জল এবং তার শব্দ একটা বিশেষ স্থান দখল করে রেখেছে। এছাড়া রাশিয়ান অন্যান্য ছবিতেও সেই একি ব্যাপার। তবে এই ছবিটাতে জলকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে আমার বার বার মনে হয়েছে পৃথিবীর সব ছবিই এভাবে জলের কাছে তৈরী করা উচিত। আর ক্যামেরার কাজ যদি কেউ নিখুঁতভাবে লক্ষ্য করেন, তবে দেখবেন কত দক্ষতার সাথে একটা সামান্য দৃশ্যকেও চিত্রায়ন করা হয়েছে।

এসবই আমার ব্যক্তিগত পছন্দ ও মতামত। আপনারা যারা ছবিটি সম্পর্কে তথ্য চান তারা এখানে পাবেন আর যারা টরেন্ট ডাউনলোড করতে চান, তারা পাবেন এখানে । ভাল থাকুন, ভাল লিখুন আর ভাল ভাল ছবি দেখুন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সিনেমা ;
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০০৯ বিকাল ৪:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই জুন, ২০০৯ বিকাল ৩:৫৭
আহসান হাবিব শিমুল বলেছেন: জন ফোর্ডের "হাই গ্রীন ওয়াজ মাই ভ্যালি" খুব খুবই পছন্দের ছবি।

লাইজ ইজ বিউটিফুলো ততোটা ভালো লাগেনি।

"দ্যা রিটার্ণ" অ্যাসথেটিক দিক দিয়ে খুবই জোড়ালো মনেহয়েছে।কাহিনীর গতিপ্রকৃতি সেইভাবে ধরে উঠতে পারিনি।তবে পারস্পারিক সম্পর্ক ভালো ফুটে উঠেছে।কিন্তু বাবা ঠিক কি উদ্দেশ্যে ছেলেদের লেকে নিয়ে যায় সেইটা স্পষ্ট না।

শেষের দৃশ্যটা করুন এবং মানবিক।
১৫ ই জুন, ২০০৯ বিকাল ৪:০৮

লেখক বলেছেন: ''হাউ গ্রীন ওয়াজ মাই ভ্যালী'' - এমন একটা ছবি যেটা আরও কয়েকশ' বছর পরেও সমান আবেদন রাখতে সক্ষম হবে দর্শকের মনে। আর ''লাইফ ইজ বিউটিফুল''-টা আমার ভাল লেগেছে ছবিটার মূল থীমটার জন্য। জীবনটা যে সত্যিই সুন্দর এবং তা যে কোন পরিস্থিতিতে সেটাই যেন প্রমাণ করা হয়েছে ছবিটাতে। আর সেই সাথে চাতুর্যপূর্ণ কমেডির সংযোজন ছবিটার আরেকটা বৈশিষ্টপূর্ণ দিক।

আর ''দি রিটার্ণ''-এর কাহিনীর গতি প্রকৃতি আমার কাছেও ততটা পরিস্কার না হলেও, আমি ছবিটাতে পিতার মানসিক প্রতিক্রিয়া বা চরিত্রকে এড়িয়ে গেছি ছবি দেখার সময় কিংবা পরে। শুধু ইভানের মানসিক দিকটাকেই মুখ্য মনে করে এবং ছবির প্রধান চরিত্র হিসেবে ধরে নিয়ে আমার কাছে ছবিটার চিত্রায়ণ বেশ সাবলীল ও সুন্দর মনে হয়েছে।


১৫ ই জুন, ২০০৯ বিকাল ৪:১৩

লেখক বলেছেন: অবশ্যই। একটা ভাল ছবি অনেক কিছু বলতে ও দেখাতে পারে।

৩. ১৫ ই জুন, ২০০৯ বিকাল ৪:৩৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: স্কাপলজাসি পেরজা দেখেছি । একটা জিনিস উপলব্ধি করতে পারছিলাম ....জিপসিদের কে প্রচন্ড নিপুণতার সাথে সিনেমায় জীবন্ত করে তোলা হয়েছে , মুভি বোদ্ধাদের কাছে সেটি একটা মডেল হয়ে থাকতে পারে ।একই সাথে আরেকটা জিনিস মনে হল , আমার মত যারা সিনেমাটোগ্রাফির চেয়ে অল্প সময়ের মাঝে বিনোদন প্রত্যাশা করে , তাদের জন্য সিনেমাটি চরম হতাশাজনক

রিটার্নের বেলাতেও কি তাই ?
১৫ ই জুন, ২০০৯ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: তা বলতে পারছিনা। আমি সিনেমা বিভিন্ন সময় বিভিন্ন কারণে দেখি। শুধু বিনোদেনর জন্য যখন দেখি তখন এসব উঁচু মানের ছবি দেখার কোন প্রশ্নই ওঠেনা। ফেলিনির ছবিগুলোতো মাঝে মাঝে অর্ধেক অর্ধেক করে দেখি। আর তারকোভস্কির ছবি একবারে দেখার সাহস হয়না এমনকি দু তিনবারেও।

যদি নিতান্তই বিনোদন চান অল্প সময়ের মাঝে তবে এটা তা পূরণ করতে ব্যর্থ হবে। ভাল থাকুন।

৪. ১৫ ই জুন, ২০০৯ বিকাল ৫:৩৬
দারাশিকো বলেছেন: ভালো লিখলেন, দেখার ইচ্ছেয় ডাউনলোড দিলাম। মুভি নিয়ে আরও লিখবেন!
১৫ ই জুন, ২০০৯ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: হা হা! কবিতা-ই লেখা হয়ে ওঠেনা তো ছবি। তবে মাঝে মাঝে যেসব ছবি মনের ভেতরে দাগ কেটে যায়, সেগুলো নিয়ে খুব লিখতে ইচ্ছে করে। এমন ছবি দেখা হলে অবশ্যই লিখব। দেখা হলে জানিয়েন, কেমন লাগল। ভাল থাকুন।

৫. ১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:০০
নতুন বলেছেন: টোরেন্ট থিকা নামাইতে দিছি.. :)
১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:১০

লেখক বলেছেন: দেন, নামাইতে দেন। ছবি কালেক্ট করোনের মজাডা যে কি, যারা করচে, হেরাই বুঝবো। নামাইয়া দেইখাফালান, হেরপর আমার কইয়া যাইয়েন, কেমুন ?

১৫ ই জুন, ২০০৯ রাত ৮:৩৮

লেখক বলেছেন: ঠিক আছে

৭. ১৫ ই জুন, ২০০৯ সন্ধ্যা ৬:৪৪
চাঙ্কু বলেছেন: যেমনে কইছেন , তাইলেতো দেখতে হইবেক ।
১৫ ই জুন, ২০০৯ রাত ১০:২৭

লেখক বলেছেন: হা হা, এতো মহা বিপদ, পরে না আবার গালি খাইতে হয় ?

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

শংকিত...........................

২০ শে জুন, ২০০৯ দুপুর ১২:২৫

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ । ভাল থাকুন। শুভ কামনা।

৯. ০২ রা নভেম্বর, ২০০৯ রাত ১২:০৯
মুভি পাগল বলেছেন:
এই ছবিটা এখনই ডাউনলোড করব। অনেকদিন ধরে চিন্তা করছিলাম। আপনার লেখাটা পড়ে আর বসে থাকতে পারছিনা
০২ রা নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০০

লেখক বলেছেন: করুন এবং জলদি দেখুন।

১০. ১৭ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:৫০
কাঊসার রুশো বলেছেন: ''লাইফ ইজ বিউটিফুল''-টা আমার ভাল লেগেছে ছবিটার মূল থীমটার জন্য। জীবনটা যে সত্যিই সুন্দর এবং তা যে কোন পরিস্থিতিতে সেটাই যেন প্রমাণ করা হয়েছে ছবিটাতে। আর সেই সাথে চাতুর্যপূর্ণ কমেডির সংযোজন ছবিটার আরেকটা বৈশিষ্টপূর্ণ দিক।
সহমত । শুধু থিম নয় যেকোন দিক থেকেই এটি একটি অসাধারন ছবি।

আমি মুভি দেখতে ভালোবাসি। কীভাবে যেনো আপনার ব্লগের সন্ধান পেলাম।
পেয়ে মনে হলো একটা খনি পেয়ে গেলাম। অনেক বিখ্যাত মুভি নিয়ে আমি লিখেছেন যার কয়েকটা দেখা, অনেকগুলো নামে পরিচিত এবং বেশিরভাগই অদেখা। আর কয়েকটার নামই শুনিনি।
তাই সিদ্ধান্ত নিলাম আজ ব্লগে অরণ্য দিবস পালন করবো। দেখি আপানর কতগুলো মুভি পোস্ট এক বসায় পড়তে পারি...

+++:)
১১ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৪৭

লেখক বলেছেন: হা হা হা !!

আমি তো আমার ব্লগের পোষ্টগুলো উড়িয়ে দিই কিছুদিন পর পর। দেখুন এগুলো কতদিন থাকে।

ভাল থাকুন।

১১ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৫৬

লেখক বলেছেন: হুম। অনেক পোস্ট ছিল। এখন আর নেই।

 

মোট সময় লেগেছে ০.৯৫০৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
পুলকে পুলক আর সাদা দুধ, সাদা ঘর, মেঘের দোসর
যে তুমি ঘুমিয়ে আছো, যেন ঘর ছেড়ে উড়ে গেছো
আরব সাগর আর যাদু-কাঠি-ঘ্রাণ
গাগল,...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই