জীবন-সঙ্গীত
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
বলো না কাতর স্বরে, বৃথা জন্ম এ সংসারে, এ জীবনে নিশার স্বপন,
দারা পুত্র পরিবার তুমি কার কে তোমার বলে' জীব করো না ক্রন্দন |
মানব-জনম সার এমন পাবে না আর বাহ্যদৃশ্বে ভুলো না রে মন |
কর যত্ন হবে জয় জীবাত্মা অনিত্য নয় অহে জীব কর আকিঞ্চন |
করো না সুখের আশ, প'রো না দুঃখের ফাঁস জীবনের উদ্দেশ্য তা নয়,
সংসারে সংসারী সাজ কর নিত্য নিত্য কাজ ভবের উন্নতি যাতে হয় |
দিন যায় ক্ষণ যায়, সময় কাহারো নয় বেগে যায় নাহি রহে স্থির ;
সহায় সম্পদ বল সকলি ঘুচায় কাল আয়ুঃ যেন শৈবালের নীর |
সংসার-সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ়পণে ভয়ে ভীত হয়ো না মানব ;
কর যুদ্ধ বীর্যবান্ যায় যাবে যাক প্রাণ মহিমাই জগতে দুর্লভ |
মনোহর মূর্তি হেরে অহে জীব অন্ধকারে ভবিষ্যতে ক'রো না নির্ভর ;
অতীত সুখের দিনে পুনঃ আর ডেকে এনে চিন্তা ক'রে হয়ো না কাতর |
সাধিতে আপন ব্রত স্বীয় কার্যে হও রত এক মনে ডাক ভগবান ;
সঙ্কল্প সাধন হবে ধরাতলে কীর্তি রবে সময়ের সার বর্তমান |
মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছে প্রাতঃস্মরণীয় ;
সেই পথ লক্ষ্য ক'রে স্বীয়কীর্তিধ্বজা ধ'রে আমরাও হব যে অমর ;
সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোন জন পরে যশোদ্ধারে আসিবে সত্বর |
ক'রো না মানবগণ বৃথা ক্ষয় এ জীবন সংসার-সমরাঙ্গন-মাঝে ;
সঙ্কল্প করেছ যাহা, সাধন করহ তাহা রত হয়ে নিজ নিজ কাজে |

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



