আমার পৃথিবী যদিও ছিল ছোট্ট এক সাদা কাগজের মাঝে সীমাবদ্ধ।কিন্ত সেই সাদা কাগজ ছিল আমার কাছে উন্মুক্ত এক জানালার মত যার মাঝে দিয়ে আমি আমার পৃথিবীর বিশালতাকে অনুভব করতাম। মন যখন খুব খারাপ হত তখন আমার পৃথিবীর আকাশের রং হত বর্ষার কালো মেঘে ভরা । আমার মনের সমস্ত অনুভূতিগুলো মনের অজান্তে মোমের রঙে এসে ধরা দিত । মোমের রঙে আমি কথা বলতাম আমার ছোট্ট পৃথিবীর সাথে ।ধীরে ধীরে কৈশোরে পা রাখলাম আর আমার সাদা কাগজের পৃথিবীতে নদীর পাশে গড়ে উঠলো ছোট্ট এক গ্রাম আর কিছু মানুষের পদচারনায় মুখরিত হল আমার পৃথিবী ।
একসময় মোমের রঙ বদলে হাতে উঠে এল রঙ পেন্সিলের এক সুন্দর বাক্স । আমার পৃথিবী আগের চাইতে আরো সুন্দর রঙীন হয়ে উঠলো রঙ পেন্সিলের রঙে । সাদা কাগজের জমীনে ভীড় বাড়লো পরিচিত অনেক মুখের । মন খারাপ হলে সাদা কাগজের আঁকা আমার নিজের পৃথিবীতে চলে যেতাম । কখনও বা স্বপ্নে আমার পৃথিবীর ঘন নীল আকাশের নীচে কাশফুলের ঢেউ আর সবুজ জমিনের উপর ছুটে বেড়াতাম ।পাশে বয়ে চলা ছোট্ট নদীটির শীতল জলে পা ডুবাতাম ।আমার পৃথিবী কখন যে সাদা কাগজের জমীন ছেড়ে এই বুকে এসে বাঁধা পড়েছিল টেরই পাইনি ।
জীবনে যখন প্রথম পেলাম প্রেমের ছোঁয়া সেদিন আর দরকার পড়েনি আমার পৃথিবী আঁকার জন্য সাদা কাগজ আর রঙ পেন্সিলের বাক্স । সাদা কাগজ আর রঙ ছাড়াই আমার পৃথিবীর সবুজ ঘাসে সেদিন নানা রঙের ফুলের বন্যা বয়ে গিয়েছিল আর আকাশের গা ছিল অসহ্য সুন্দর নীলে একাকার ।
এভাবে সময় বয়ে যেতে থাকে আর আমি আমার একান্ত নিজের পৃথিবী এঁকে চলি । সময়ের টানে সীমান্ত পেরিয়ে দেশ থেকে হাজার মাইল পেরিয়ে ছুটে গিয়েছি অনেক অনেক দূরের দেশে । কত জনপদ, ভিন্ন সংষ্কৃতি,ভিন্ন চিন্তা চেতনা আর ভিন্ন রঙের মানুষের সাথে হল দেখা, পরিচয় ,কত কথা ।কিন্ত আমার পৃথিবীর ছবি আজও সেই ঘন নীল আকাশ ,কাশফুলের ঢেউ সবুজ জমিনের উপর ।পাশে বয়ে চলা ছোট্ট এক নদী ।
আজও যখন মন খারাপ হয় তখন চোখ বন্ধ করে হারিয়ে যাই আমার একান্ত নিজস্ব ভূবনে আমার আঁকা ছোট্ট পৃথিবীতে । হারিয়ে যাওয়া প্রিয় মুখ কে আঁকার চেষ্টা করি অথবা হারিয়ে যাওয়া প্রিয় মূহূর্তগুলো । বাইরের পৃথিবীর বিশালতা কে চেষ্টা করি আমার কল্পনার সাদা কাগজের জানালা দিয়ে দেখার । হয়ত একদিন জাগতিক নিয়মে আমি অনেক বুড়িয়ে যাবো
তবু জানি আমার পৃথিবীর রঙ কে কখনো আমার বয়স নিষ্প্রাভ করে দিতে পারবেনা ।জানি হয়তো একদিন আমার চোখের উজ্জলতা ম্লান হবে ।কিন্ত আমার পৃথিবী কে দেখার জন্য প্রয়োজন মনের চোখের আর তার উজ্জলতা কখনোই ম্লান হবেনা ।
আজও এই গভীর রাতে চোখ বন্ধ করে আমি এঁকে চলেছি আমার পৃথিবী।
ঘন নীল আকাশ ,কাশফুলের ঢেউ সবুজ জমিনের উপর ।পাশে বয়ে চলা ছোট্ট এক নদী ।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০০৮ রাত ৩:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



