কর্তা, মরিচ আর ধনে বাটা ভক্তা'র সাথে ফেন ভাত চাই,
পেটে মারবেন না; স্বয়ং রাষ্ট্রসংঘ আইন জারি দিয়েছে
পেটে না মেরে পিঠে মারুন, তাও সই।
কর্তা, শিক্ষা দিবেন না; এই মুখ নিয়ে নিমকহারাম হবনা,
সুশিক্ষার জন্য সর্প-ব্যাঙের খেলাই যথেষ্ট।
কর্তা, কৃতজ্ঞতা জানাই; এত অসময়ে মরতে দিচ্ছেন না,
দু'খানি হাতের ঢের অভাব এই শ্রমের বাজারে।
কর্তা, দেহ না ঢাকার বাণী শুনি - নগ্নতা যেখানে শিল্প -
আমাদের দূল পরা নারীদের আপনার রমণী লাগে!
বিশাল এ মহীরুহ বিধায় কুঁড়েঘরের আকুতি তুলি না কর্তা,
আপনার ছায়ায় আমাদের দুর্বার মতন কোমল কায়া!
কর্তা, এত গুণের তারিফে অবাক নয়নে তাকাবেন না - নিত্য প্রাতঃস্মরণীয়
এ বাণী আওড়াই; আজান, হুলুলুলু ডাকে যেন ভুলি না মম
আল্লা-ভগবান-ঈশ্বর।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



