এক।
ঘুমের সৌজন্যে পাই সাপের দংশন,
বিছানার অবদানে নিশিডাক শুনি।
অপরূপ পাশা খেলে চোখের অঞ্জন,
নিজের শবের পায়ে আনত আভূমি।
প্রণামের শেষে শুনি ওঝাদের গান,
মৃতগানে ভাসে যত সাপের খোলশ_
প্রতিটি বিকাল জানি ওঝার সন্তান
বিকালের নদী তাই শ্মশানের বশ।
সারাদিন ঘুমে থাকি, সারাদিন চাঁদে।
ঘুমের ভেতরে সারি সুরকানা স্নান,
যেটুকু সঙ্গীত তবু একা একা কাঁদে,
সে শুধু ঘুমের ঘোরে জলের সন্ত্রাস।
দংশিতের দিনকাল এইভাবে যায়
কিছুটা সাপেরা নেয়, ওঝা কিছু পায়
দুই।
শরীরের ধুলো নেব, গানের বালুকা,
ঘরের বাতাস নেব, নীরবতার ঘ্রাণ,
একাকী শ্রাবণ নেব, ব্লেডের সন্ত্রাস_
এইসব নিয়ে আজ স্নানযাত্রা শুরু
ফিরে এলে দেখা হবে থেকো স্নানঘর
যতটা আপন তুমি ততটাই পর
ছবি: সালভাদর দালি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

