১.ঝরে পড়া পাতার স্বর
কী করব আমি এই ভারবাহী গাধার জীবন নিয়ে,
আমার প্রভু সপাং সপাং চাবুক পেটায় আর আমি
জলঝরা চোখে আমার মৃত্যুকে কামনা করি।
মৃত্য ও জীবিতের মধ্যবর্ত্তী জীবন নিয়ে
আমি ভর দুপুরে বসে থাকি ছাতিম গাছের নীচে
যদি কোন অভয়দাতা আসেন,
এসে বলেন, চলো, তোমার জন্য রয়েছে সবুজ গালিচা,
ঝিরঝিরে ঝর্না,মহুয়ার গন্ধ আর বিলুপ্তপ্রায় কোন নগরীর কারুকাজ,
অসীম ধৈর্য্য নিয়ে আমার কান্নামেশানো আভিব্যক্তি
আঁকতে থাকেন কোন আঁকিয়ে।
আমি তখন বোবাচোখে আঁকিয়েকে দেখি
সে কোন দৃষ্টিভঙ্গি নিয়ে আমাকে দেখতে চাইছে।
আমি, এই ভারবাহী জীবনটাকে ঝেড়েঝুড়ে
দেরাদুন যেতে চাই কিংবা শান্তিনিকেতনের কোন
নিবিড় পল্লিতে চুপচাপ কাটিয়ে আসতে চাই বাকি ক'টি বছর।
সেবারে বরফকুচি পড়তে দেখছিলাম
জানালার শার্ষিতে, খুব বাইরে যেতে ইচ্ছে হচ্ছিল,
মনে হচ্ছিল ধীরে ধীরে বরফের নীচে চাপা পড়ুক আমার করুণ জীবন।
পারিনি, ওটা ছিল স্বপ্ন,
আমি আবার ঈগলটার উড়ন্ত ডানায় ভাসতে চাইলাম
বাতাস আমার নাকচোখমুখ ব্ন্ধ করে দিল।
আমি ক্ঠাঠোকরার লাল ঝুটির ভেতর লুকাতে চাইলাম,
কাঠঠোকরা আমার দিকে না তাকিয়ে কাঠ ঠোকাতে লাগল ঠকাঠক ঠকাঠক ঠকাঠক..
আমি সাপের মাথার নীল মনি হয়ে ওর সঙ্গে থাকতে চাইলাম আজীবন
সাপ তার ভার সইতে না পেরে সেই যে এক শীতল ভ্যাপসা ঘরে রেখে গেল
আর ফিরে এল না। আমি জড়পদার্থ হয়ে জ্বলতে থাকলাম।
এরপর থেকে আমি এই রুদ্ধ বিদ্ধস্ত পানাম নগরীতে
দিন গুজরান করি সেই সাপটির জন্য
যে আমাকে মাথার মণি করেও
ভারবাহী হওয়াতে রেখে গেল,
এইখানে হররোজ মৃতেরা উড়ে উড়ে আসে
আর রাত্রিভর তাদের দীর্ঘশ্বাস, কান্নাহাসির রোল ছড়ায়,
দীর্ঘদিন আমাকে ফেলে যাওয়া সাপটির জন্য অপেক্ষা করতে থাকি,
এরই ভেতর মৃত্যু এসে যাবে,
ক্ষয়ে যাবো কিংবা ধরো ঢাকা পড়ে যাবো আরেকটি
ধংসযজ্ঞের ভেতর তবু সেই সাপটির
অপোয় থাকি তার শীতল গন্ধ শুকতে থাকি বাতাসে
আর ভুলে যেতে থাকি চাবুকের ক্ষত।
২. সাত ভায়ালার গান
বহুকাল আগে পাথর জলের দ্বৈত
মর্মরিত সুর থেকে..
আমি জেনেছিলাম জীবন,
একটা রঙিন পাকুরের ঠুটোফল
কিংবা টিয়ঠিুমির ঝালর,
কোন নির্জন পথের ধারে
একদল সাতভায়লার ঐকতান।
সূর্য যখন উদগ্র তাপ আর
আলো দিয়ে জ্বালায় পৃথিবী
তখনি বেরিয়ে আসে
কিছু শিশুমুখ করুণ, বিষণ্ন,
ফুটপাত ধরে হাঁটছো যে তুমি সে ও
তো ঐ শিশুমুখ হয়ে
ঘুমাতে চাইছে ছায়ঘন মায়াঘরে,
এরকম দিনে শহরের পথগুলো
পথ নয়, মিহি বালুকণা,
আঙরাখা পরা হাজার দুয়ারী গান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



