কান নাড়িয়ে, তার লতিকায় একটা লাল দুল মরচে পড়া ঘাসের ওপর খুনজর্জর হাওয়া ঠেলে দুম করে পরালে- কী কাণ্ড ঘটে
দেখবার বাসনা আছে গো মনে!
একটা চীনা হাঁস কেমন তার বাচ্চা নিয়ে এসিড মাখা জলে
ডুবে ডুবে খোঁজে শামুকের ছা বুদ্বুদ ওঠা ঘন মিলমেশিনের গাঁদে।
তবু সূর্যের আলো ঠিক সূর্যের বলে মনে হয় বৃষ্টির ধারা বৃষ্টির বলে মানতে নারাজ নয় মন।
যদিও শাদা কাশবন জাগে সন্দেহাতীতভাবে ডেভেলপারের গড়া মডেল শহরে। একটা ধারা বহমান কিছু বয়ে গেলে মনেই হয়না ড্রেন
কিন্তু মানুষ আমাকে বলে এইতো জীবন, সামান্য এগোলেই হাতে
পেয়ে যাবে বিচিত্র সুখ, সুখের গাঁজন।
ওয়াসার জল আসা বেসিনের কলে ব্রাশ ঘুরিয়ে দাঁতের রক্ত
ধুতে ধুতে মনে পড়ে ঘুমপাড়ানি গান- ছেলে ঘুমালো পাড়া জুড়ালো...।
নতুন আমের গন্ধে ডোরাকাটা বাঘের দেশে আমার ঘুম পায় বড়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

