আমি তোমার সূর্য হলাম, আকাশ হলাম
চাইলে বলে, একটা জীবন তোমায় দিলাম, তোমার ছিলাম
ভুল করেও হয়নি বলা, এত কিছুর বিনিময়ে আমি কি পেলাম;
চাইলে বলে, চন্দ্র হলাম, গ্রহণলাগা সময়গুলো গলিয়ে দিলাম
জমে থাকা কষ্টগুলো শোষে নিলাম, জমিয়ে রাখা সকল আলো বিলিয়ে দিলাম
ভুল করেও জানতে চাওনি, এত দেনার বিনিময়ে আমি কি পেলাম;
বৃষ্টি চাইলে ঝরিয়ে দিলাম, জোৎস্না চাইলে আনিয়ে দিলাম
সূর্যগলা লালিমা চাইলে, রামধনুকের সব কটা রঙ বানিয়ে দিলাম
একটা গোলাপ চাইলে বলে, আস্ত শহর বাগান হলো
বড় বড় বাড়ীগুলো, ট্রাফিকের বাতিগুলো
এক নিমিষেই গোলাপ হলো
গোলাপগুলো তোমার খোঁপায় পরিয়ে দিলাম;
একটা বিকেল চাইলে বলে, আস্তটা দিন তোমায় দিলাম
সকাল দুপুর সন্ধ্যে গুলো তোমার নামে ছড়িয়ে দিলাম
ঘড়ির কাঁটা থামিয়ে দিলাম
আর যত কাজ জমানো ছিলো
সব কটা কাজ অনাদরে অবহেলায় মাড়িয়ে দিলাম;
চাইলে বলে রৌদ্র হলাম, তপ্তদুপুর সময়গুলো তোমার কাছে ফিরিয়ে দিলাম
তোমার নামে বিলিন হলো রাত্রিগুলো
আমার সাধের স্বপ্নগুলো, জমিয়ে রাখা বিলাসগুলো
অনিচ্ছেতে ঝরিয়ে দিলাম পাতাবাহার, শিশিরস্নাত দূর্বাঘাসের গোপন করা ইচ্ছেগুলো
একটা জীবন তোমায় দিলাম, স্বপ্নগুলো, ইচ্ছেগুলো হেলায় ফেলায় এড়িয়ে গেলাম;
ভুল করেও জানতে চাওনি, এত দেনার বিনিময়ে আমি কি পেলাম;
ভুল করেও হয়নি বলা, এত কিছুর বিনিময়ে আমি কি পেলাম;
ছবি : অন্তর্জালের সৌজন্যে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


