
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম যুদ্ধাপরাধের বিচারে গঠিত বিশেষ ট্রাইব্যুনালের সরকারি আইনজীবী প্যানেল প্রধানের সমালোচনা করে বলেছেন, ‘ছাগল দিয়ে যেমন ধান মাড়ানো যায় না, তেমনি বাছুর দিয়ে যুদ্ধাপরাধের বিচার করা যাবে না।’ তিনি বলেন, ওই ‘ট্রাইব্যুনালের প্রধান জামায়াতের সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমকে করলেও আমার কোন আপত্তি নেই।
কারণ, ট্রাইব্যুনালের বিচারক কিছু নয়, তদন্ত কর্মকর্তা ও আইনজীবীই হচ্ছে প্রধান।’ গতকাল পল্টন ময়দানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপুর নাম উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, ‘তার নাম আমি কখনও শুনিনি।’ তিনি প্রশ্ন তোলেন, তদন্ত কর্মকর্তা নিয়োগে ব্যারিস্টার রফিক-উল হক, ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীর-উল ইসলামের মতো বিশিষ্ট আইনজীবীদের সঙ্গে কেন পরামর্শ করা হলো না। এডভোকেট আনিসুল হককে প্রধানমন্ত্রী কেন দায়িত্ব দিলেন না। বিএনপি স্বাধীনতাবিরোধী দল- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এ বক্তব্যের সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, ‘দেশের সব জেলা না চিনে সেক্রেটারি হলে এমনই হয়।’ সৈয়দ আশরাফকে রাজনৈতিক কথাবার্তার প্রশিক্ষণ নেয়ারও পরামর্শ দিয়ে তিনি বলেন, যে দল দু’তিন বার ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনা করেছে আপনি তাদের স্বাধীনতাবিরোধী দল বলেছেন। অথচ, বিএনপিতে যেমন স্বাধীনতাবিরোধী আছে তেমনি আওয়ামী লীগেও স্বাধীনতাবিরোধী আছে। ‘একমাত্র জামাতিরা ছাড়া সবাই স্বাধীনতাপ্রেমী দল’ বলে তিনি মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী ইডেন কলেজে ছাত্রীদের সম্ভ্রমহানির ঘটনার উল্লেখ করে বলেন, ‘একাত্তরে জামাতিরা আমার মা-বোনদের পাক সেনাদের হাতে সরবরাহ করে ইজ্জত নিয়েছে, আজকে যারা ধনী-ক্ষমতাবানদের হাতে ছাত্রীদের তুলে দিচ্ছে- তারাও একই কাতারে পড়ে। ইনশাআল্লাহ এদেরও একদিন বিচার হবে।’ কাদের সিদ্দিকী সব এয়ারকন্ডিশন বন্ধ করে ওই বিদ্যুৎ কলকারখানায় দেয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপনার এয়ারকন্ডিশনটাও খুলে ফেলুন, না হয় আমরা দেখবো।’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম গোয়েন্দা সংস্থার একটি দলের গতকাল চরমোনাই যাওয়ার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, তারা চরমোনাইকেও জঙ্গিবাদের উপাধি দেয়ার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, ইসলাম নিয়ে কোন ছিনিমিনি খেলা সহ্য করা হবে না, বুকের রক্ত দিয়ে হলেও ইসলাম রক্ষায় মাঠে নামবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


