বাংলাউইকিতে অর্ণব দত্তের ব্লগ থেকে নেওয়াঃ
আজ ৮ই জানুয়ারি, ২০০৯। আজ থেকে ঠিক ১০০ বছর আগে এই দিনেই উত্তর কলকাতার এক রক্ষণশীল পরিবারে জন্মগ্রহণ করেছিলেন বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক আশাপূর্ণা দেবী। ১৯২২ থেকে ১৯৯৫ পর্যন্ত ৭৩ বছরের দীর্ঘ সাহিত্য জীবনে যিনি তুলে ধরেছিলেন বাঙালির জীবন, বিশেষত সাধারণ বাঙালি মেয়েদের অন্তঃপুরের আনন্দ-বেদনা, চাওয়া-পাওয়া-না পাওয়ার “মেয়েলি লেখার ঝাঁপি”। সাহিত্যে আধুনিকতার অর্থ যে শুধু ইংরেজি শিক্ষা নয়, তীক্ষ্ণ জীবনবোধ ও পর্যবেক্ষণী বিশ্লেষণও – সেটাই তাঁর রচনা বারবার মনে করিয়ে দিয়েছে আমাদের। আঁচলে চাবির গোছা বেঁধে আটপৌরে এই বাঙালিনী তাই অনায়াসেই আইকন হতে পেরেছেন নারীবাদী বা উত্তর-আধুনিক লেখিকাদেরও।
জন্মশতবর্ষ উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় গতকাল সন্ধ্যা থেকেই শুরু হয়েছে আশাপূর্ণা দেবী শীর্ষক নিবন্ধটির মানোন্নয়নের কাজ। এর সঙ্গে আশাপূর্ণা দেবীর রচনাবলি শীর্ষক আর একটি নিবন্ধে তাঁর যাবতীয় রচনার তালিকা দেওয়া হবে। আপনারাও আনুষঙ্গিক নিবন্ধগুলিকে উন্নত বা অন্তর্ভুক্ত করে (উইকির ভাষায়, লাল দাগ নীল করে) এই নিবন্ধটিকে সর্বাঙ্গসুন্দর করে তুলতে পারেন। যোগ করতে পারেন ছবি। আবার বাংলা উইকিপিডিয়ার নিবন্ধটি উন্নতিলাভ করলে সেটি ইংরেজিতে অনুবাদ করে ইংরেজি উইকিপিডিয়াতেও আশাপূর্ণা দেবী সংক্রান্ত নিবন্ধের মানোন্নয়ন ঘটানো যায়। তার মাধ্যমে আমরা অন্যান্য ভাষায় তাঁর সম্পর্কে সমৃদ্ধ জ্ঞানভাণ্ডার গড়ে তুলতে সাহায্য করব। আমাদের লক্ষ্য হবে, আশাপূর্ণা দেবী সংক্রান্ত একটি সুসমৃদ্ধ ডেটাবেস উইকিপিডিয়ার পাতায় গড়ে তোলা। অগ্রণী কথাসাহিত্যিকের শতবর্ষের জন্মদিনে বাংলা উইকিপিডিয়ার পক্ষ থেকে সেটিই হবে আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি।
বাংলা উইকিপিডিয়ায় আশাপূর্ণা দেবী -
http://bn.wikipedia.org/wiki/আশাপূর্ণা দেবী
বিঃদ্রঃ এ ব্লগটি বাংলাউইকি (http://banglawiki.ning.com) এ পূর্বে প্রকাশিত"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

