শেয়ার বাজারে জালিয়াতি ও পরিকল্পিতভাবে দর বৃদ্ধি ও পতনের চক্রান্তকারী গ্রুপের এক সন্দেহভাজন শীর্ষ নেতাকে র্যাব গতকাল বুধবার রাতে গ্রেফতার করেছে। তার নাম সারোয়ার মাহবুব (৩০)। তার বিরুদ্ধে ঢাকা স্টক এক্সচেঞ্জে বড় ধরনের শেয়ার জালিয়াতির অভিযোগ রয়েছে।
র্যাবের মিডিয়া শাখার পরিচালক কমান্ডার সোহায়েল জানান, ঢাকা স্টক এক্সচেঞ্জে একটি চক্র পরিকল্পিতভাবে শেয়ারের দর পতন ও দর বৃদ্ধি করছে। বিষয়টি নিয়ে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন র্যাবের সহযোগিতা চায়। র্যাবের গোয়েন্দা ইউনিট ও র্যাব-১ এ ব্যাপারে তদন্তে নামে। বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের ইকবাল টাওয়ারে সারোয়ার মাহবুবের অফিস। তিনি প্রিমিয়ার ব্যাংকের ব্রোকার হাউসের ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট। ঐ অফিসে তিনি বিভিন্ন নামে ওয়েবসাইট খুলে মিথ্যা তথ্য প্রচার করে শেয়ার বাজার নিয়ন্ত্রণ করেন। এসব ওয়েবসাইটের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ, সৈকত গ্রুপ, ডিএসই এক্সক্লুসিভ, এমএমসিবিডি ইত্যাদি নামে ভুয়া ওয়েবসাইট তিনি তৈরি করেছেন। এসব ওয়েবসাইটে সারাদেশে তার প্রায় ২ হাজার গ্রাহক রয়েছে। এছাড়া প্রবাসীদের মধ্যে প্রায় একশ গ্রাহক রয়েছে। গতকাল রাত ৮টার দিকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের নির্দেশে র্যাব গোয়েন্দা ইউনিটের মেজর জাহিদের নেতৃত্বে র্যাবের একটি দল সারোয়ার মাহবুবের অফিস ঘিরে ফেলে। ঐ সময় সারোয়ার মাহবুব অফিসে বসে ওয়েবসাইটের মাধ্যমে আজ বৃহস্পতিবারের জন্য শেয়ার বাজার নিয়ন্ত্রণের বিভিন্ন দিক নির্দেশনা ও মিথ্যা তথ্য প্রচার করছিল। গ্রেফতারের পর তিনি র্যাবের কাছে শেয়ার বাজার নিয়ন্ত্রণে এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জকে ঘিরে তার মত আরো একশ সিন্ডিকেট রয়েছে যারা শেয়ার বাজারের দরপতন ও দর বৃদ্ধিতে ভূমিকা রাখে।
র্যাব আরো জানিয়েছে, রাতেই তাকে গুলশান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইত্তেফাক রিপোর্ট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



