১. বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অভিযোগ করেছেন, নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে একটি মহল তার প্রাণনাশের চেষ্টা করছে। মঙ্গলবার রাতে রায়পুরে লক্ষীপুর-২ আসনের এক জনসভায় তিনি এ অভিযোগ করেন। এর আগে তিনি কুমিল্লা ও চাঁদপুরের জনসভায় বলেন,তার দলের অবস্থান সব সময় দুর্নীতির বিরুদ্ধে, সন্ত্রাসী যেই হোক তাকে শাস্তি পেতেই হবে।
২. কুমিল্লায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জনসভাস্থল ত্যাগ করার পর পাশ্ববর্তী একটি ইউনিয়নে কথিত সন্ত্রাসীদের সংঘর্ষের ঘটনায় দলের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে।
মঙ্গলবার রাতে বিএনপির পক্ষে যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলেই এ দলকে নেতৃত্বহীন করার চেষ্টা চলছে। এই ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেন তিনি।
৩. কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড় কামতা গ্রামে মঙ্গলবার র্যাবের সাথে জেএমবি জঙ্গীদের গ্রেনেড হামলা ও গুলি বর্ষনের ঘটনা ঘটেছে। র্যাবের গুলিতে এক জেএমবি জঙ্গী আহত হয়। র্যাব তিনটি গ্রেনেডসহ দুই জেএমবি জঙ্গীকে গ্রেফতার করেছে। শতাধিক র্যাব ও পুলিশ সদস্য এখনো দেবীদ্বারের বড় কামতা ও নবিয়াবাদ গ্রামের চারপাশ ঘেরাও করে অভিযান অব্যাহত রেখেছে।
পুলিশ জানায় , নবিয়াবাদ গ্রামে জঙ্গীদের অবস্থান নিশ্চিত হয়ে বিকেলে সাড়ে তিনটার দিকে র্যাব-১১ এর একটি বাহিনী অভিযান শুরু করে। এ সময় র্যাব একজন মোটর সাইকেল আরোহীর পিছু ধাওয়া করলে বড় কামতা গ্রামের কাছে তাদের লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গীরা। র্যাবের পাল্টা গুলিতে মোটর সাইকেল আরোহী মাসুদ ওরফে নাইম আহত হয়ে ধরা পড়ে। তার স্বীকারোক্তি অনুযায়ী নবিয়াবাদ গ্রামের একটি বাড়ীতে অভিযান চালিয়ে তিনটি গ্রেনেড সহ মোশাররফ নামের এক যুবককে গ্রেপ্তার করে র্যাব । #

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

