মধ্যরাতে যখন সেহরী খাইতে উঠি আমার পাশের রুমে আমার ক্লাসমেটরা তখনও বিয়ার খায় আর গান শোনে । আমি খাবার গরম কইরা ভালো মানুষের মত মুখ বুজে খেয়ে নামাজ পড়ে শুয়ে থাকি ।
আমার রুমমেটগোরে গিয়া কইতে পারি না ওই ব্যাটারা রমজান মাসে একটু রহম কর আমারে । অন্তত গানটা আস্তে বাজা ।
এখনো সাচ্চা মুসলমান হইতে পারলাম না ।
পাঁচটার সময় রেডি হইয়া অফিসের উদ্দেশ্যে বাস ধরি । বাচ্চাদের মত ছোট ছোট জামা পড়া প্রায় নগ্ন একদল নারীর মাঝে বসে এক ঘন্টার বাস জার্নি দেই । সে সময় খুব মনযোগের সাথে বাসের জানালা দিয়া বাইরের গাছগুলা দেখি , যেন পৃথিবীর সমস্ত সৌন্দর্য ঐ গাছগুলিতে ।
ইমানদার মুসলমানের মত দোর্রা হাতে নারায়ে তাকবির হুংকার দিয়া কইতে পারি না । বেলাজ বেহায়া মেয়ে মানুষ , তোরা নাইলে নাসারা । কিন্তু আমি তো রোজদার মুসলমান । একটা মাস অন্তত একটু বড় কাপড় চোপড় পড় !! একজন রোজদারের জন্য এইটুকু করতে পারবি না ! আমার তো ইমানের বারোটা বাইজ্জা গেলো ! 'আমি' রোজা রাখসি , এজন্য রাস্তার নারীদের মাথায় ঘোমটা থাকা দরকার , এইটা কাউরে বুঝাইতে পারি না ।
এখনো সাচ্চা মুসলমান হইতে পারলাম না ।
অফিসে আমি ছাড়া বাকি সব নাসারার দল । সবাই আমার সামনে সমানে বিড়ি ফুঁকে । লাঞ্চের সময় আমি বারান্দায় গিয়া নদী দেখি । আমার সামনে আমার কলিগরা মুর্গির রান চিবায় । আমি হুংকার ছাড়তে পারি না । দোজখের ভয় দেখাতে পারি না । 'আমি' রোজা রাখসি এজন্য ওদের যে আমার সামনে খাওয়া দাওয়া করা ঠিক না । এইটা বুঝাইতে পারি না ।
এখনো সাচ্চা মুসলমান হইতে পারলাম না ।
বাসায় ফেরার সময় ম্যাকডোনাল্ডস আর কেএফসির দোকানগুলি দেখি । একেবারেই বেপর্দা । রমজান উপলক্ষ্যে কোন রাখঢাক নাই । কেএফসির ফ্রাইড চিকেনের গন্ধ বাসের জানালা দিয়া ঢুকে আমার নাকে থাপ্পড় মারে । আমি নির্বাক । আমার সামনের সিটে লোক বসে ঢক ঢক করে বিয়ার খায় । আমি নির্বাক । সারা জীবন দেখে আসছি রমজান আসলে খাবারের দোকানগুলি পর্দানশীল হইয়া যায় । রোজদারের রোজা পোক্ত করার জন্য । খাবারের দোকান বেপর্দা হইয়া গেলেই রোজদারের রোজা হালকা হবার চান্স আছে । কিন্তু নাসারারা অন্তত আমার জন্য হলেও তো একটু পর্দা করতে পারতো ! আমি ওয়ান ম্যান আর্মি হইয়া মিছিল বের করে ম্যাকডোনাল্ড ঘেরাও কর্মসূচি হাতে নেই না ।
এখনো সাচ্চা মুসলমান হইতে পারলাম না ।
প্রায় ১৬ ঘন্টা রোজা রেখে ইফতার করি শুধু সবজি দিয়া । মুরগিও খাইনা ভয়ে । হালাল হারামের চিন্তা । কিন্তু সবজি দোকানদার নিশ্চিত নাসারা কাফের । কোন মুসলিম দোকান আমার ২০০ কিলোমিটারের মধ্যে আছে বইলা আমার জানা নাই । আমার শহরে একটা মসজিদ পর্যন্ত নাই । আমার জন্য দোকানে দু'একটা হালাল মুর্গি রাখা উচিত , এইটা আমি কাউরে বুঝাইতে পারি না ।
এখনো সাচ্চা মুসলমান হইতে পারলাম না ।
কেউ আমার সৃষ্টিকর্তারে নিয়া রঙ্গ করলে আমার ইমানের লুঙি খুলে পরে না । আমি নারায়ে তাকবির হুংকার ছেড়ে সেই লোকের মস্তকের দাম নির্ধারন করি না । আমি বড়জোর তার জন্য আফসোস করি মনে মনে । আমার বিশ্বাস নিয়া আমি তর্ক করতে রাজি না । কারো সাথেই আমি তর্ক করতে রাজি না । আমি শুধু শুনুম । কিন্তু আমার ভেতরের থেকে যেটা সায় দিবে সেটা করুম । লাকুম দ্বীনুকুম ওয়ালইয়া দ্বীন ।
কয়দিন আগে শুনলাম , 'উয' নামের এক শহরে এক পোলিশ ছেলে (ছাত্র) ধর্মান্তরিত হয়ে মুসলমান হইছে । আমি নিশ্চিত, সে আমার মত কাউরে দেখে অনুপ্রানিত হইয়া মুসলমান হয় নাই ।
কারন আমি সাচ্চা মুসলমান না ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

