ক্লাস সেভেনে পড়ি তখন । একদিন স্কুল শেষে ঝুমবৃষ্টিতে ভিজতে ভিজতে বাসায় ফিরছি । নিষেধ ছিলো বৃষ্টিতে যেন স্কুল থেকে বের না হই , বাসা থেকে কাউকে পাঠানো হবে আমাকে নিয়ে আসার জন্য । কিন্তু বৃষ্টিতে ভেজার মজা কে হাতছাড়া করতে চায় !
কাঁধে ব্যাগ ঝুলিয়ে ধীরে ধীরে হাঁটছিলাম ইচ্ছা করেই , একটা ময়লা ছড়ানো ডাস্টবিনের পাশ দিয়ে যাবার সময় কানে আসলো পিঁউ পিঁউ শব্দ । একটা এতটুকু পিচ্চি বিড়ালের বাচ্চা বৃষ্টির পানিতে ভিজে জবজবা হয়ে ডাস্টবিনের ময়লার মধ্যে খুব বাজে রকমের কাঁপছে আর তারস্বরে পিঁউ পিঁউ শব্দে এলাকা ফাটিয়ে চেচাচ্ছে। প্রচন্ড বৃষ্টি, রাস্তা ফাকা.. মাঝে মাঝে পর্দা উঠিয়ে হুশ করে দু'একটা রিকশা বেল বাজাতে বাজাতে পাশ দিয়ে যাচ্ছে । আমার মনে হলো এই বিড়াল বাচ্চাটাকে যদি এখনি তুলে না নেয়া হয় এটা নির্ঘাত মারা যাবে । শংকোচ ছাড়াই একগাদা ময়লা মাড়িয়ে ডাস্টবিন থেকে বাচ্চাটা তুলে আনলাম , কোলে নেয়ার পর চিৎকার বন্ধ না হলেও ভলিউম একটু কমলো । তখনো সেটা অনবরত কেঁপে যাচ্ছিলো ।
বাসায় ঢুকে আমার একটা পুরনো গেঞ্জি দিয়ে বাচ্চাটার গা মুছে দিলাম , সাদা কালো মেশানো গায়ের রং। তখনে পিঁউ পিঁউ করেই যাচ্ছিলো ..বাসায় কেউ রাগ করলো না তখন , একটা পিরিচে একটু দুধ ঢেলে খাওয়ানোর চেষ্টা করলাম .. কাজ হলো না । কে যেন বললো ফিডারে দুধ ভরে দিলে হয়তো খাবে । মা'র কাছে বায়না ধরলাম ফিডার কিনে দিতে। তখন মা দোকান থেকে ফিডার আনিয়ে দিলো .. কিন্তু দুই দিন পরে বাচ্চা টা সুস্থ হয়ে উঠলে বাসা থেকে বলা হলো এটাকে বাইরে ফেলে আসতে .. বাসায় বিড়াল রাখা যাবে না । আমি , আমার বড় ভাই আর আমার ছোট বোনটা বিরোধী পক্ষ আর বাকি সবাই সরকার পক্ষ । কিছুতেই কিছু সম্ভব না ... কষ্টে আমার চোখ দিয়ে পানি চলে এসেছিলো .. মনে হচ্ছিলো বাসা থেকে আমিও বের হয়ে যাই বিড়াল বাচ্চাটা সহ ।
এমতাবস্থায় আমার দাদা নতুন অধ্যাদেশ জারি করলেন - বিড়াল বাচ্চাটা বাসায় থাকবে ।
তবে বাবার কিছু শর্ত ছিলো ... এটার বেডরুম ঘরের ভেতর বানানো যাবে না । বাইরে বানাতে হবে । ঘর যেন নোংরা না করে । আর বাবার কবুতরের যেন কোন রকম সমস্যা না হয় বিড়ালের জন্য ।
দু'বছর পরের কথা ... সেই বিড়াল বাচ্চাটা মেয়ে বিড়াল ছিলো .. এবং তার চারটি সন্তান ছিলো .. আমার কাজিনরা বলতো সেগুলো আমার নাতি ।
সেই চার সন্তানের অত্যাধিক প্রিয় কাজ ছিলো আমার পড়ার টেবিলের নিচে ঢুকে আমার পায়ের আঙুলে কামড়া কামড়ি করা ।
পর্ব ১
পর্ব ২
পর্ব ৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

