আজ অফিস থেকে এসে দেখি আমার চার বছরের ভাগ্নির গা জ্বরে পুড়ে যাচ্ছে, সাথে ঠান্ডা আর কাশি। ঘরে এসে মনটা তাই খারাপ হয়ে গেল। আজকাল ছোট বাচ্চাদের কথায় কথায় অসুখ করছে - আমার ভাগ্নির ও সেই এক অবস্থা, জন্মের পর থেকেই কিছুদিন পরপর অসুখে পড়ে।
এসেই কিছুক্ষণ ওর পাশে বসেছিলাম- নানান কথা হল, আমার ভাগ্নিটা আবার কথায় খুব পটু; বড় মানুষের মত কথা বলে। ওর সাথে বিভ্ন্নি জটিল বিষয় নিয়ে আলাপ করা যায় - যে কোন বড় মানুষের মত!
যখন কথা বলছি তখন ও হাতে একটা কৌটা নিয়ে নাড়াচাড়া করছিলো, আমাকে সেটা দেখিয়ে জিজ্ঞেস করলো - "মামা, বলতো এটা কে কিনে দিয়েছে?" খেয়াল করে দেখি ওটা ছিল একটা চকলেট নসিলার কৌটা, আমি মাসখানেক আগে ওর জন্য কিনে এনেছিলাম।
"আমি....., তোমার জন্য আরেকটা কিনে আনবো? খাবে?" - ওর প্রশ্নের উত্তর দিয়ে আরেকটা কিনে আনবো কিনা জানতে চাইলাম, ছোট মানুষ - ইচ্ছা করতেই পারে।
কিন্তু ও বলল - '' না মামা, লোকেলা এখন এসব চকলেত-তকলেতে বিস মিসিয়ে লাখে......." !
অর্থাৎ ব্যবসায়ীরা যে এখন চকলেট-দুধ এসবে মেলামাইন সহ নানা ধরণের বিষ মিশিয়ে রাখে একথা চারবছরের ছোট বাচ্চাও জানে!!
একথা শুনে আমি কিছু বলতে পারলাম না; অবৈধ মুনাফার লোভে মানুষের মন থেকে শিশুদের প্রতি মমত্ববোধও কি উঠে গেল? মনুষ্যত্বের আর বাকি রইল কি? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এ কোন পৃথিবীতে বাস করবে!!
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



