ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বস্ব হারানো জাপানি অধ্যাপক তাঁর ল্যাপটপ কিংবা ল্যাপটপের হার্ডডিস্কটি অন্তত ফেরত চেয়েছেন। তিনি বলেছেন, ওই ল্যাপটপে তাঁর একাডেমিক অনেক তথ্য আছে। কাজেই সেটি ফেরত দিলে তাঁর অনেক উপকার হবে।
জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসাহিকো তোয়াগা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বঙ্গবিদ্যা সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন। ১৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ক্যাফেটেরিয়ায় দুপুরের খাওয়ার সময় কে বা কারা তাঁর ব্যাগটি চুরি করে নিয়ে যায়। ওই ব্যাগে দুই হাজার ডলার, এক লাখ ইয়েন, বাংলাদেশি ৫০ হাজার টাকা, একটি ল্যাপটপ, একটি ডিজিটাল ক্যামেরা, মডেম, কিছু বই ও মূল্যবান কাগজপত্র এবং তাঁর পাসপোর্ট ছিলও। তবে মাসাহিকো কেবল তাঁর ল্যাপটপে থাকা তথ্য ফেরত চেয়েছেন।
মাসাহিকো তোয়াগা আজ শনিবার প্রথম আলোয় পাঠানো এক আকুতিতে বলেছেন, ‘ওই ল্যাপটপে যেসব তথ্য আছে, সেটি অন্য কারও কোনো কাজে আসবে না। কিন্তু একাডেমিক কারণে তাঁর ল্যাপটপে থাকা সব তথ্য দরকার। কাজেই যারা নিয়েছে বা যাদের কাছে এখন ল্যাপটপটি আছে, তারা কেউ যদি প্রথম আলো কার্যালয়ে এসে ল্যাপটপটি বা এর হার্ডডিস্কটি ফেরত দিয়ে যায়, তাহলে তিনি খুব উপকৃত হবেন। আর যে ফেরত দেবে, তিনি প্রয়োজনে পরিচয় গোপন রেখে এটি ফেরত দিয়ে যেতে পারে। তিনি বলেছেন, যারা ল্যাপটপটি নিয়েছে, তাদের কোনো ভোগান্তি তিনি চান না। তিনি শুধু তথ্যগুলো ফেরত চান।
জাপানি হলেও মাসাহিকো তোয়াগা বাংলাভাষাকে ভালোবাসেন। বাংলা ভাষা নিয়ে তিনি গবেষণা করছেন। তিনি বাংলায় কথাও বলেন সুন্দরভাবে। বাংলাভাষার টানেই তিনি বঙ্গবিদ্যা সম্মেলনে অংশ নিতে এসেছিলেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

