--------------------------------
NB: লেখাটি Bangladesh Journalism Review (BJR), Vol 4, Issue 3, June 2008 সংখ্যায় প্রকাশিত। {প্রবন্ধ লেখকের নাম: মোহা. মাহামুদুল হক, শিরোনাম: 'সংবাদপত্রের মর্গ বা নিউজ লাইব্রেরীঃ পর্যালোচনা'} BJR হচ্ছে BCDJC'র একটি মাসিক জার্নাল। ব্লগের পাঠকদের পড়ার জন্য এখানে পোষ্ট করা হলো। লেখার কোন অংশ বিশেষ কেউ উদ্ধৃত করতে চাইলে উক্ত BJR রেফারেন্স ব্যবহার করতে পারেন। তবে পুণপ্রকাশের জন্য অনুমতি প্রয়োজন। লেখাটি কয়েকটা কিস্তিতে প্রকাশ করা হচ্ছে। ধন্যবাদ।
--------------------------------
প্রাচীনকাল থেকে মানুষের তথ্য আহরণ, সংরক্ষণ ও পুনরুৎপাদনের প্রচেষ্টা অব্যাহত। মানুষ স্মৃতিতে বহুদিনের তথ্যাদি সংরক্ষণ করতে সক্ষম। এরপরও সঠিক তথ্য, অধিক তথ্য দ্রুত ও সহজে আহরণ করতে চায়। তথ্য সংরক্ষণ ও তথ্য সেবা প্রদানের লক্ষ্যে প্রাচীন কাল থেকে আজ অবধি সৃষ্টি হয়েছে লাইব্রেরী, আর্কাইভস, তথ্যাগার, নিউজ লাইব্রেরী বা মর্গ (morgue)। সংবাদপত্রের মূল কাজ হচ্ছে তথ্যদান, শিক্ষিত করা, বিনোদন দেয়া ও প্রভাবিত করা। সংবাদপত্রের এসব কার্যবলী সম্পাদনে প্রয়োজন হয় সঠিক, নির্ভুল সময়োপযোগী তথ্য এবং পটভূমিগত তথ্য। সংবাদপত্রের তথ্য আহরণের অন্যতম উৎস হচ্ছে তার নিজস্ব তথ্যাগার অর্কাইভস, মর্গ বা নিউজ লাইব্রেরী। আলোচ্য নিবন্ধে এসব পদবাচ্যের ধারণায়ন, সংক্ষিপ্ত ইতিহাস, সংবাদপত্রের জন্য মর্গ বা নিউজ লাইব্রেরীর প্রয়োজনীয়তা এবং বাংলাদেশে সংবাদপত্র প্রতিষ্ঠানে মর্গ বা নিউজ লাইব্রেরীর অবস্থার সংক্ষিপ্ত পর্যালোচনা করার চেষ্টা করা হয়েছে।
মর্গ (morgue)এর ধারণায়নঃ
ইংরেজী ‘morgue’ শব্দটি ফারসি 'morguer' থেকে এসেছে যার অর্থ "to look at solemnly, to defy", আর ইংরেজী 'morgue' বিশেষ্য পদটির আক্ষরিক অর্থ “সনাক্ত করিবার জন্য যে স্থানে মৃতদেহ রাখা হয়; শবাগার। মূলতঃ সমাহিত করার পূর্বে হাসপাতালের যে ঘরে মৃতদেহ রাখা হয় তাকে মর্গ বলে। (a building (or room) where dead bodies are kept before burial or ceremation)১
মর্গ এর সংজ্ঞায় বলা হয়েছেঃ 'A newspaper’s library of stories, photos, biographies and other references.' 2 মর্গ হচ্ছে সংবাদপত্র প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকদের ব্যবহৃত শব্দ। এর অবস্থান সংবাদপত্র প্রতিষ্ঠানের মধ্যে যেখানে পূর্বের সংবাদ, কপি, সংবাদপত্র, সংবাদের ক্লিপিংস ও মৃত সংবাদ (dead news) রাখা হয়।
সম্ভবতঃ "spike the story", "kill the story", 'deadline' প্রভৃতি প্রেস বাক্য ও প্রপঞ্চ মর্গের প্রয়োজনীয়তাকে টিকিয়ে রেখেছে ও গ্রহণযোগ্য করে তুলেছে দীর্ঘকাল থেকে। "yesterdays news was dead news" অর্থাৎ গতকালের সংবাদ মৃত সংবাদ। তাই মৃত সংবাদ বা অপ্রকাশিত নিউজ মর্গে স্থান পায়।
বস্তুতঃ সংবাদপত্র হচ্ছে এক বিস্ময়কর হাসপাতাল। এখানে হত্যাকান্ড আছে কিন্তু রক্তপাত হয় না, মর্গ আছে কিন্তু লাশ নেই বরং মর্গে রাখা হয় তথ্যের ওপর তথ্য; স্তুপাকৃত তথ্য। সংবাদপত্রে মর্গ হচ্ছে তথ্যাগার, রেফারেন্স বিভাগ বা নিউজ লাইব্রেরী বা নতুন সংবাদের ক্লু (clue)বা পটভূমিগত তথ্যের উৎস-ভূমি।
উল্লেখ্য যে, বর্তমানে বাংলাদেশসহ বিভিন্ন দেশে মর্গ পদবাচ্যটির পরিবর্তে ডকুমেটেশন বিভাগ, রেফারেন্স বিভাগ, আর্কাইভস, নিউজ লাইব্রেরী প্রভৃতি নামে ব্যবহৃত হচ্ছে। বিশেষকরে, সংবাদপত্র ইন্টারনেটে প্রকাশিত হওয়ায় ইন্টারনেটে অর্কাইভস শব্দটি বেশি ব্যবহৃত হচ্ছে।
লাইব্রেরীঃ
লাইব্রেরী, গ্রন্থাগার যে কক্ষে বা দালানে পাঠকদের জন্য বই সংগ্রহ করে রাখা হয়। আধুনা অন্তর্ভূক্ত এ ধরনের পুস্তকের সংগ্রহ। "A collection of books; A building or room contraining it, A publisher’s series." লাইব্রেরী হচ্ছে পাঠককে তথ্য সেবা প্রদানের উদ্দেশ্যে গঠিত বই ও বিভিন্ন তথ্য উপকরণের সংগ্রহশালা। নিউজ লাইব্রেরী হচ্ছে এক ধরনের বিশেষ লাইব্রেরী (speciall library) যেখানে সংবাদপত্র, সংবাদপত্রের কাটিংস, ছবিসহ বই ও অন্যান্য তথ্যের সংরক্ষণাগার। উল্লেখ্য যে, আমাদের দেশে অনেকে বই বিক্রির দোকানকে লাইব্রেরী বলে থাকেন কিন্তু তা সম্পূর্ন ভুল। এগুলি আসলে বইয়ের দোকান বা বুক স্টল। লাইব্রেরী মূলতঃ পাঠককে তথ্য সেবা প্রদানের উদ্দেশ্যে গঠিত, সেবাধর্মী প্রতিষ্ঠান।
অর্কাইভসঃ
ইংরেজী 'Archives' শব্দটি গ্রীক শব্দ 'Archion' থেকে উদ্ভূত। যার অর্থ অফিস। Encyclopedia Britanica তে উল্লেখ করা হয়েছেঃ "A repository in which public or institutional records, historic documents and other materials are systemetically preserved."
আর্কাইভস এমন একটি ব্যবস্থা সেখানে একটি প্রতিষ্ঠানের অতি মূল্যবান, ঐতিহ্যসমৃদ্ধ, ঐতিহাসিক দলিল দস্তাবেজগুলিকে পদ্ধতিগতভাবে সংরক্ষণ করা হয়। প্রতিষ্ঠান বলতে ব্যাপক অর্থে একটি পরিবার হতে পারে একটি দপ্তর হতে পারে বা একটি নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠানও হতে পারে। তবে একেবারে আভিধানিক অর্থে বলা হয়েছে “সরকারি দলিল দস্তাবেজ, এসব দলিল সংরক্ষণের স্থান, মহাফেজখানা, অন্যান্য ঐতিহাসিক দলিলপত্র।” কিন্তু ব্যাপক অর্থে সরকারি দলিল দস্তাবেজ সংরক্ষণের স্থান ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানের তথ্য সংরক্ষণাগার অর্থেও আর্কাইভস ধারণাটি ব্যবহার করা হচ্ছে।
লাইব্রেরী, আর্কাইভস ও মর্গ বা নিউজ লাইব্রেরী পদবাচ্যগুলির মধ্যে ধারণাগত কিছু মৌলিক পার্থক্য রয়েছে। কিন্তু ব্যাপক অর্থে এসব পার্থক্যের বাইরে সাদৃশ্যের পরিমাণ অনেক বেশী। বিশেষ করে সংবাদপত্র জগতে পদবাচ্যগুলি একাকার হয়ে গেছে। তাই আলোচনার সুবিধার্থে এখানে মর্গ বা নিউজ লাইব্রেরী শব্দগুলি ব্যবহার করা হয়েছে।
মর্গ বা নিউজ লাইব্রেরীর ইতিহাসঃ
সংবাদপত্র প্রতিষ্ঠানে মর্গের জন্ম কখন ও কীভাবে হয়েছে সে সম্পর্কে কোন সঠিক তথ্য প্রমাণ পাওয়া যায় না। তাই সংবাদপত্র মর্গের ইতিহাস নির্মাণ সহজ নয়। তবে তথ্য সংগ্রহ ও সংরক্ষণের ইতিহাস বহু প্রাচীন। কথ্যরূপকে যেদিন মানুষ লিখিত রূপে রূপান্তরিত করে সেদিন থেকেই বস্তুতঃ পক্ষে তথ্য সংগ্রহ ও সংরক্ষণের চর্চা শুরু হয়।
প্রাচীন প্রাচ্যের (oriental) জনসমাজে, গ্রিক ও রোমানদের মাঝে আর্কাইভসের ব্যবহার ছিল। হিট্রি, আসিরিয়া, মেডেস, পারস্য, ব্যাবিলন ও মিসরের প্রাচীন সমাজে আর্কাইভসের ব্যবহার ছিল। খ্রিষ্টপূর্ব ৪৬০ বছর আগে এথেন্সে আর্কাইভসের উল্লেখ পাওয়া যায়। তার ১০০ বছর পরের দলিল দস্তাবেজ এথেন্সের Mother of Gods বা Matron মন্দিরে সংরক্ষিত ছিল।
মর্গ, রেফারেন্স লাইব্রেরী বা নিউজ লাইব্রেরী ধারণাগুলি বহুদিনের পুরাতন ও ঐতিহ্যমন্ডিত। তবে কখন থেকে মর্গ বা নিউজ লাইব্রেরীর আবির্ভাব হয়েছিল সে সম্পর্কে কোন দিন তারিখ পাওয়া যায় না। ১৬৯০ সালে আমেরিকার প্রথম সংবাদপত্র 'Publick Occurrences' বোস্টন থেকে প্রকাশিত হয়। সে সময়ও সংবাদপত্রগুলি সংরক্ষণ করা হত। তবে আমেরিকায় নিউজ লাইব্রেরীর আকৃতি পেতে সময় লাগে সম্ভবত আরো দু'শতাব্দী।
Newspaper Library Group এর প্রতিষ্ঠাতা জোসেপ কাউপিল (Jaseph Kwapil) এর অভিজ্ঞতা এরকমঃ '১৮৯০ সালের দিকে মর্গ ছিল একটি রেফারেন্স বিভাগ যা ছিল অন্ধকারময় স্থান, নিষিদ্ধ এমনকি আগুন ভিতির জায়গা। এটা ছিল অস্বাস্থ্যকর যেখানে থাকত ধূলা-বালিযুক্ত খামে রক্ষিত অধিক মূল্যবান উপকরণ যা প্রয়োজনে পাওয়া যেত।'
প্রথম দিকের সংবাদপত্রের মর্গ পেশাদার লাইব্রেরীয়ান দ্বারা পরিচালিত হত না। অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে সাংবাদিকগণ মর্গে চাকুরীসহ সংবাদপত্রের বিভিন্ন দায়িত্ব নিয়োজিত থাকতেন। তবে ১৮৫০ সালের দিকে প্রধান প্রধান সংবাদপত্রের ব্যবস্থাপকগণ নিউজ লাইব্রেরীর জন্য স্থান, অর্থ ও স্টাফ বরাদ্দ করা শুরু করেন। সংবাদপত্রের মালিকপক্ষ অনুধাবন করলেন যে, মানব স্মৃতির ওপর খুব বেশীদিন নির্ভর করা যায় না। অসাধারণ স্মৃতির ব্যক্তিও সঠিক তথ্য, সংজ্ঞা, তারিখ, উদ্ধৃতি প্রভৃতির জন্য সংরক্ষিত তথ্যের ওপর নির্ভরশীল। "আধুনিক বিশ্বের আগ্রহ যত প্রসারিত হবে, জটিলতার আকার নেবে পান্ডিত্য ও তথ্য ততই সূচী পান্ডিত্য (Index scholarship)ও সূচী তথ্যের (Index information) রূপ নিতে বাধ্য।"
তথ্য সংগ্রহের দৈবচয়ণ পদ্ধতি হতাশাশ্রিত, সময়সাপেক্ষ ও বিপদজনক। অন্যদিকে, সঠিক সম্পূর্ণ ও যথার্থ্য তথ্যের সন্নিবেশ সাংবাদিকদের জন্য আবশ্যকীয় । মূলতঃ এসব বোধ থেকেই বিভিন্ন দেশে নিউজ লাইব্রেরী বিকাশিত হয়েছে।
বাকি অংশ পরে পোষ্ট করা হবে। ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

