আমার প্রিয় পোস্ট

'সংবাদপত্রের মর্গ বা নিউজ লাইব্রেরীঃ পর্যালোচনা (২য় কিস্তি)

২৬ শে জুলাই, ২০০৮ রাত ৯:৪৫

শেয়ার করুন:                   Facebook

--------------------------------
NB: লেখাটি Bangladesh Journalism Review (BJR), Vol 4, Issue 4, July 2008 সংখ্যায় প্রকাশিত। {প্রবন্ধ লেখকের নাম: মোহা. মাহামুদুল হক, শিরোনাম: 'সংবাদপত্রের মর্গ বা নিউজ লাইব্রেরীঃ পর্যালোচনা'} BJR হচ্ছে BCDJC'র একটি মাসিক জার্নাল। ব্লগের পাঠকদের পড়ার জন্য এখানে পোষ্ট করা হলো। লেখার কোন অংশ বিশেষ কেউ উদ্ধৃত করতে চাইলে উক্ত BJR রেফারেন্স ব্যবহার করতে পারেন। তবে পুণপ্রকাশের জন্য অনুমতি প্রয়োজন। লেখাটি কয়েকটা কিস্ততে প্রকাশ করা হচ্ছে। আজ ২য় কিস্তি পড়ুন। প্রথম কিস্তি এখানে দেখুন: Click This Link । ধন্যবাদ।
------------------------------------

নিউজ লাইব্রেরীর গুরুত্বঃ

রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেনঃ "বর্তমান কাল ছুটিতেছে বলিয়াই স্তব্ধ অতীত কালের এত মূল্য। অতীত কালের প্রবল বেগ প্রচন্ড গতি সংহত হইয়া যেন স্থির আকার ধারণ করিয়াছে। কালকে ঠাহর করিতে হইলে অতীতের দিকে চাহিতে হয়। অতীত বিলুপ্ত হইলেও বর্তমান কাল কেহ-বা চিনিতে পারে। কেহ-বা বিশ্বাস করে, তাহাকে সামলায় কাহার সাধ্য! কেননা, চিনিতে পারিলে জানিতে পরিলে তবে বশ করা যায়।" লাইব্রেরী হচ্ছে তথ্যের সংরক্ষণাগার, অতীত ও বর্তমান কালের সাক্ষী। ঐতিহ্য প্রবাহের মাধ্যম। মানব সভ্যতা অগ্রগমনের যাত্রায় সমকালীন প্রেক্ষাপটে ঐতিহ্যের নবায়নই হলো আধুনিকতা। এ মতের অনুসারীদের কাছে লাইব্রেরীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম।

মোহাম্মদ সা'দাত আলী নিউজ লাইব্রেরীর গুরুত্ব তুলে ধরতে গিয়ে বলেন 'সংবাদ সংগ্রহক তথা সাংবাদিক-প্রতিবেদকের যে ভূমিকা, তাতে নিউজ লাইব্রেরীর ভূমিকাও হতে পারে তদানুরূপ গুরূত্বপূর্ণ।
নিউজ লাইব্রেরীর কাজ হচ্ছে বিষয় ও টপিক অনুযায়ী প্রেস কাটিংস সংরক্ষণ এবং চাহিদা পাওয়ার পর সংশ্লিষ্ট নিউজ ফাইলটি সরবরাহ করা। ফলশ্রুতিতে প্রতিবেদক, ফিচার লেখক প্রমুখসহ সম্পাদক এবং সংশ্লিষ্ট লেখক একটি টপিকের অতীতে ও গভীরে যেতে পারেন। সমৃদ্ধশালী করতে পারেন তার লেখা।'৩

নিউজ লাইব্রেরীর অন্যতম কাজ হলো সাংবাদিকদের চাহিদানুযায়ী দ্রুত তথ্য সরবরাহ করা। মোহাম্মদ সা'দাত আলী উল্লেখ করেন, 'উন্নত দেশগুলির নিউজলাইব্রেরী শুধু সংবাদপত্র সেবীদেরই তথ্য ও ফাইল সরবরাহ করে না; তারা বেতার ও টেলিভিশন কর্তৃপক্ষ বার্তা সংস্থা, ব্রড কাষ্টিং কর্তৃপক্ষ সকলকেই সাহায্যের হাত প্রসারিত করে।'

মর্গ বা নিউজ লাইব্রেরীতে বিভিন্ন রকম তথ্যের সাথে থাকে মৃত সংবাদ (dead news)। এ মৃত সংবাদ নতুন কোন স্টোরির ক্লু (clue) আবিস্কারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। মর্গ সংবাদ এর অন্যতম উৎস। প্রেসের ক্ষমতারও অন্যতম প্রধান উৎস। সংবাদপত্রের 'life support system’ অথবা প্রাতিষ্ঠানিক স্মৃতি যা ব্যাপক বিশ্বাসযোগ্য, অভিগম্য এবং সংবাদ কাহিনীর রেডিমেট ও পটভূমির তথ্য-পুঞ্জিত স্থান।

বিখ্যাত দ্য টাইমস পত্রিকার সম্পাদক উইক হ্যামিস্টিডের মতে, সাংবাদিকের মূল উদ্দেশ্যে বাস্তবায়নে একজন আদর্শ সাংবাদিককে প্রাচীনের প্রাজ্ঞতা, আধুনিকের দর্শন, বৈজ্ঞানিকের জ্ঞান, প্রকৌশলীর কারিগরী বিদ্যা, অর্থনীতির মূল শর্তাবলী, সামাজিক-রাজনৈতিক জীবন ও ইতিহাস আত্মীকরণ করে নিপুণতা অর্জন করতে হয়। তবে বিষয়ের নিপুণতা অর্জনের জন্য সাংবাদিকদের মানব সভ্যতার ধারক ও বাহক তথ্য সম্পদ কেন্দ্রের (গ্রন্থাগার) সহায়তা অপরিহার্য।৪

ড. এস এম মান্নান তথ্য সম্পর্কিত তথ্য অর্থাৎ 'Information about information' এর জন্য সাংবাদিক তথা গণমাধ্যম কর্মীসহ সবাইকে গ্রন্থাগারের শরণাপন্ন হতে হয় বলে উল্লেখ করেন। তিনি গ্রন্থাগারে তথ্য প্রাপ্তির সুবিধাগুলি বর্ণনা করেন নিম্নরূপঃ

১. বিনা অর্থ অথবা স্বল্প ব্যয়ে অধিক তথ্য পাওয়া যায়।
২. তথ্য সংগ্রহ ও সংরক্ষণের ব্যয়িত সময় ও শ্রমের সাশ্রয় হয়। যা ব্যক্তি তার নিজ পেশায় নিয়োজিত করতে পারে।
৩. সকল প্রকাশিত তথ্য ব্যক্তির পক্ষে সংগ্রহ করা সম্ভব নয়। তবে প্রতিষ্ঠান হিসেবে গ্রন্থাগার ব্যক্তির তুলনায় অধিক যুগোপযোগী তথ্য সংগ্রহ করে পদ্ধতিগতভাবে সংরক্ষণ ও প্রয়োজন ব্যবহারকারীকে প্রদান করতে সক্ষম।
৪. জাতীয় ও আন্তর্জাতিক তথ্যের ভান্ডারে প্রবেশ করতে গ্রন্থাগার সহায়তা করে।
৫. তথ্য প্রযুক্তি সম্পর্কে জ্ঞান না থাকলেও যে কোন ব্যক্তি গ্রন্থাগারের প্রশিক্ষিত কর্মীদের দ্বারা তথ্য প্রযুক্তি নির্ভর তথ্য সেবা পেতে পারে।

সামাজিক, রাজনৈতিক ঘটনাবলী, যুদ্ধ, ভূমিকম্প, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুযোর্গ প্রভৃতি ঘটনার পটভূমি ও এসব ঘটনার সাথে বর্তমান ঘটনার তুলনামূলক ও চুলচেরা বিশ্লেষণধর্মী প্রতিবেদনের জন্য নিজউ লাইব্রেরী অপরিহার্য। অর্থনীতি, বিজ্ঞান, চিকিৎসা ও আইনের মত জটিল বিষয় নিয়ে রিপোর্ট করার জন্য ব্যাখ্যা বিশ্লেষণ ও তথ্য যাচাই-বাছাই প্রয়োজন হয় এবং এক্ষেত্রে নিউজ লাইব্রেরী গুরূত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইলেকট্রনিক ও ইন্টারনেট মিডিয়ার বদৌলতে সহজে ও দ্রুত সংবাদ ও তথ্য প্রচারিত ও পৌঁছে যাচ্ছে।

সংবাদপত্রগুলি ইলেকট্রনিক মিডিয়ার প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ঐসব তথ্য ও সংবাদ এর ব্যাখ্যা বিশ্লেষণ প্রকাশ করছে। কোন সংবাদপত্র কত বেশী তথ্যের সন্নিবেশনে সুপাঠ্য ও সুসংগঠিত ব্যাখ্যা-বিশ্লেষণধর্মী প্রতিবেদন উপহার দিতে পারে তার পাঠককে সে প্রতিযোগিতায় সর্বদা লিপ্ত। নিউজ লাইব্রেরী এসব ক্ষেত্রেও শুধু সহায়কই নয় আবশ্যকীয়ও বটে।

নিউজ লাইব্রেরীর ব্যবস্থাপনা ও উপকরণঃ

সাধারণ লাইব্রেরী ও নিউজ লাইব্রেরীর ব্যবস্থাপনা ও উপকরণের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। 'সাধারণ লাইব্রেরীর প্রধান কাজ পুস্তক, জার্নাল ও কতিপয় সংবাদপত্র রাখা এবং সংগৃহীত এসব উপকরণের তথ্য পাঠক ও ব্যবহারকারীর কাছে পৌঁছানো নিশ্চিত করা। অপরদিকে, নিউজ লাইব্রেরীর কর্মকর্তাগণ প্রকাশিত সংবাদপত্র থেকে নির্দিষ্ট বিষয় নির্বাচন, বিভাজন, শ্রেণীকরণ, বিভিন্ন ফাইলে সংরক্ষণ এবং নির্ধারিত নিয়মে এসব ফাইল সজ্জিতকরণ নিশ্চিত করবেন। চাহিদা হওয়া মাত্র দ্রুত সংশ্লিষ্ট টপিকের ফাইল উপস্থাপন এই লাইব্রেরীর অন্যতম বৈশিষ্ট্য।'

উন্নত দেশগুলির সংবাদপত্র লাইব্রেরীর জন্য একদল সুশিক্ষিত গ্রন্থাগারিক থাকেন। আগেকার দিনের সংবাদপত্র লাইব্রেরীগুলি রেফারেন্স বই যেমন অভিধান, ইনসাইক্লোপিডিয়া, স্থানীয় ইতিহাস প্রভৃতি উপকরণ নিয়ে কার্যক্রম শুরু হত। অতপর সারি সারি ইস্পাতের ক্যাবিনেটে সংরক্ষিত থাকত লাখ লাখ ফাইল ও তারও কয়েকগুণ বেশী খবরের কাগজ ও সাময়িকীর কাটিংস ও ছবি।

খবরের কাগজের তথ্যাগারে মূল তিনটি বিভাগ থাকে।৬ একটি 'ব্যক্তি' শিরোনামের আওতায়, দ্বিতীয়টি 'বিষয়' এবং তৃতীয়টি 'আলোকচিত্র' বা 'ছবি' এ শিরোনামের আওতায় শ্রেণীবদ্ধ।

প্রতিদিন তথ্যাগার কর্মীরা খবরের কাগজ কেটে তথ্যগুলি ফাইলে সাজিয়ে রাখেন। এজন্য শুধু তাঁরা তাঁদের নিজ পত্রিকাই নয় বরং দেশের শীর্ষ স্থানীয় পত্রিকাগুলিসহ বিশ্বের প্রধান পত্রিকাগুলি থেকেও তথ্য বের করে ফাইলে রাখেন। তাঁদের এ বিপুল কর্মের ফলশ্রুতিতে সর্বশেষ মুহুর্ত অবধি তথ্য ও অন্যান্য দলিলে অমূল্য, অপরিমেয় সম্পদের সঞ্চয় গড়ে ওঠে যেগুলি তখনও কোন গ্রন্থের কলেবরে স্থান পায়নি এবং যার সর্বাঙ্গীনতা আর কোনভাবে অর্জন সম্ভব নয়।

অধিকাংশ খবরের কাগজের অফিসে প্রকৃত তথ্য নির্দেশক গ্রন্থগারটি তথ্যাগারের সংলগ্ন থাকে তারই অঙ্গ হিসেবে। এখানকার শেলফে থাকে তথ্য নির্দেশক বিভিন্ন প্রামাণ্য গ্রন্থ। থাকে জীবনী ইতিহাস, বিজ্ঞান ও উদভাবন সম্পর্কিত পুস্তক। একটি বিশেষ শাখাও থাকে বিভিন্ন মানচিত্র রাখার জন্য। আরও সব শেলফে থাকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বাঁধাই করা হাজার হাজার রিপোর্ট ও বিবরণী। এছাড়া কলেজ দাতব্য প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানের রিপোর্টও থাকে। আগেকার দিনে একেবারে আদিপর্ব থেকে খবরের কাগজের সংখ্যাগুলি বাঁধাই আকারে রাখার রেওয়াজ ছিল; এতে অনেকটা জায়গা জুড়ে থাকত। আজ ঐ বিশালাকার খবরের কাগজের বাঁধানো ফাইলগুলি না রেখে কাগজগুলিকে মাইক্রোফিল্মে রাখা হয়। পাশ্চাত্যের সাংবাদপত্রগুলির নিউজ লাইব্রেরীর আলোকে এফ ফ্রেজার বন্ড এসব বিবরণ লিপিবদ্ধ করেছেন।

নিউজ লাইব্রেরীর জন্য বিষয়সূচী খবুই গুরুত্বপূর্ণ। কারণ সংবাদপত্র প্রতিষ্ঠানের জন্য প্রতিটি মুহুর্ত মূল্যবান। ১৮৩৫ সালে ঘব New York Herald প্রকাশিত হয়। প্রত্রিকাটি ১৮৪৫ সালে নিউজ লাইব্রেরী গড়ে তোলে। কিন্তু ১৮৬০ সালে 'সিভিল ওয়ার' শুরুর পূর্ব পর্যন্ত সংবাদপত্রের ক্লিপিংস নিয়মতান্ত্রিকভাবে সংরক্ষিত হয়নি। তবে হেরাল্ড পত্রিকাটি যুদ্ধ শুরুর সময় থেকে ইনডেক্স তৈরীর কাজ শুরু করে। ১৮৪০ দশকের শেষ দিকে New York Tribune(প্রতিষ্ঠা ১৮৪১) লাইব্রেরী প্রতিষ্ঠার কাজ শুরু করলেও ক্লিপিংস এর কাজ শুরু করে ১৮৬০ সালে। ১৮৭৫ সালে পত্রিকাটি বই আকারে নিউজ ইনডে তৈরীর মাধ্যমে ইনডেসিং এর ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করে। ১৯১৩ সালে New York Times ইনডেক্স তথা বিষয়সূচীর প্রকাশনা চালু করে। প্রথমে এটি ছিল ত্রৈমাসিক প্রকাশনা। পরে ১৯৩০ সালে এটি মাসিক প্রকাশনা হিসেবে বের হয়। পরবর্তীতে প্রতিবছর এটি একটি গ্রন্থ আকারে প্রকাশিত হয় যাতে থাকে সারা বছরের সব ঘটনাবলীর মোট ফসল। New York Times পত্রিকার ফাইল তথা সংকলনগুলিতে প্রকাশিত হত সকল তথ্যের সংক্ষিপ্ত শ্রেণীকৃত গ্রন্থাসূচীকৃত (cross index) বছরের প্রতিদিনের সকল খবরের সার বিশেষ।

নিউজ লাইব্রেরী মূলতঃ কাটিং নির্ভর। প্রত্যাহিক ঘটনা, উত্থান-পতন, ক্রীড়া, অপরাধ, ব্যক্তিত্ব, আবিস্কার, দুর্ঘটনা, মহাকাশ, বিজ্ঞান প্রযুক্তি, চিকিতসা বিজ্ঞান, বিদেশনীতি, রাজনীতি, অর্থনীতি, সমাজ-উন্নয়ন, কৃষি কোন ক্ষেত্রই কাটিং থেকে বাদ যায় না।৭

অসমাপ্ত/

 

 

  • ৩ টি মন্তব্য
  • ৮৮ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ২:১৮
comment by: ফারহান দাউদ বলেছেন: পড়ছি,জানতে পারছি।
২. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ২:৩২
comment by: ত্রিভুজ বলেছেন: চমৎকার লেখা... পরের পর্বের অপেক্ষায় রইলাম।
৩. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১১:০৮
comment by: ছটিক মাহমুদ বলেছেন:

 



 

comment by:
সাংবাদিক ও গবেষক

আমি জাত সাংবাদিক। বাংলাদেশের সংবাদ সংস্থা United News of Bangladesh(UNB)এর ইংরেজী সার্ভিসে সহ-সম্পাদক হিসেবে কর্মরত আছি। পাশাপাশি ইউকের...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ১৪৯১১