সমুদ্র মন্থনে অমৃত লুট হয়ে গেছে কবে পুরানের যুগে
তবু কুমারীর গোপন অভিলাষে আলুথালু জলের শাড়ি
খুলে রাখি; পৃথিবীর নপুংসক রাতে।
বিষের পেয়ালা হাতে, বঙ্গোপসাগরের বিদ্রুম পালঙ্কে
একবিংশ শতাব্দীর সিডাকটিভ রাতে একা জেগে থাকি
রিরংসু মৎসকুমারী, নগ্ন নীল রূপোপজীবিনীর মতো
তাকে ভালোবাসি, যে আর ভালোবাসবে না কোনদিন
সে সাগ্নিক, তার পথ চেয়ে থাকি!
জাতিস্মর যাতনায় অমিয় স্মৃতির গভীর নীল ক্ষতগুলো
নোনা জলে ধুয়ে-ধুয়ে চন্দ্রের রোদে মেলে-মেলে রাখি!
প্রতীক্ষার নুড়ি পথে ফসফরাসের আলো জ্বেলে-জ্বেলে
ভাবি: কোনো রাতে ভুলগুলো ভুলে, সে এসে নিজের অগ্নিতে
তুলে নেবে তার নগ্নিকার দেহ,
অগ্ন্যুৎসবে মাতোয়ালা, পূর্বজন্মের নিসাড় হীম ঝেড়ে ফেলে
উত্তাপে-উল্লাসে আমি সম্পূর্ন মানবী হয়ে যাবো সে রাতে
পেয়ালার বিষ ঢেলে দেবো, বারো হাত নীলাম্বরী শাড়িতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

