রোজ রাত্তিরে ঘুম আমার পিঠে হাত রেখে প্রশ্ন করে,
আর কতক্ষন? আমি বলি, রাখ বেটা! মাত্র তো সন্ধে হলো
এখনো প্রদীপে তেল ঢালা বাকি, তার পর জ্বলবে
সাঁঝ বাতি। আমি বলি, কত্ত কাজ বাকি পরে আছে.......
উত্তরের আকাশে এক ছোট্ট তারাকে দেয়া কথা আজো পূরণ করতে
পারিনি। অপটু হাতের লেখা পান্ডুলিপি নিয়ে যার কাছে যাবার কথা ছিল
অনেক আগেই।
আমি বলি, দেখ, ঐ যে দূরের একটুকরো আকাশ, ওর সাথে সেই
কবে আড্ডা দেব বলে কথা দিয়ে রেখেছি.......
হাজার আলোকবর্ষ দূরের যে তারা আজ মৃত, তার অন্ত্যেষ্টি আজো করা হলোনা।
এক ঝাঁক ঝিঝি পোকাকে কথা দিয়েছিলাম গান শোনাবার,
রোদ্দুরের গান!
বোশেখের বাউন্ডুলে বাতাসের সাথে কতদিন হারিয়ে যাব বলে ভেবেছি...
নির্জন গারো পাহাড়ে বিলি করার কথা ছিল আমার স্বপ্নের ইস্তেহার!
অনেক কাজ!
আমার একাকিত্বকে কথা দিয়েছি সুখে রাখবো। আপাতত ওটা নিয়েই
ব্যাস্ত আছি বেশ।
ঘুমের সময় কোথায় বল?
তুই বরং অপেক্ষাই কর, রাতটা ফুরোলে আমাকে নিয়ে নিস তোর কোলে
ঘুম পারানি মাসী পিসী.......
আমার এখন বড্ড কাজ, তুই বরং অপেক্ষাই কর।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



