দু হাত বাড়াও, হাতের ভেতর জোছনার ফুল ঢেলে দেই। উড়নচন্ডী হাওয়া এসে যদি উড়িয়ে নিতে চায় ফুলগুলো, ধরে রেখো, ছেড়না। দমকা বাতাসে যদি চুলগুলো এলোমেলো হয়ে যায়, যাক। প্রয়োজন নেই নাগরিক সভ্যতার। ভেসে যাও স্রোতে, ডুবে যাও জলে। বাতাসের জল যদি তোমাকে জড়িয়ে ধরে, উপেক্ষা করোনা ওকে। শ্পর্শ করুক, বেয়ারা হাত দিয়ে ছুঁতে চাইলে বাধা দিওনা।
তুমি ভেসে যাও, তুমি উড়ে যাও, তুমি ডুবে যাও!
প্রচন্ড কালবোশেখি ঝড় যখন একরোখা নাড়কেল গাছটার ঘাড় বাঁকা করে তোমাকে অভিবাদন জানাতে বাধ্য করবে, তুমি চমকে উঠোনা। তুমি ভিজে যেও। মাঝ রাত্তিরে গুহার ভেতর আগুন পোহাতে পোহাতে শুকিয়ে নিও নিজেকে।
জোছনার প্লাবন যদি তোমাকে মাতাল করে কখনো, তবে এসো, জোছনার জলে তোমাকে পুড়িয়ে মারি।
জলে কি কেউ কখনো পুড়তে পারে?
পারে, চোখের জল অস্তিত্বটাকে দুমড়ে মুচড়ে একাকার করে তাতে আগুন ধরিয়ে দিতে পারে যে কোনো মূহুর্তে।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


